জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার নির্দেশ
৬ আগস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ণ
জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর ও চেতনা বাস্তবায়নের অঙ্গীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আদর্শকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সাংবিধানিক সংশোধন ও সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের পরিবারের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়িত হবে। তার ভাষায়, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা কেবল জাতীয় ঐক্য, সাংবিধানিক সংশোধন এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমেই পূরণ করা সম্ভব। এ লক্ষ্যে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা দলের অর্জন নয়; এটি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের ত্যাগ, গুম, হত্যাকাণ্ড, রাজনৈতিক দমন-পীড়ন ও গণতন্ত্রের সংগ্রামের সম্মিলিত ফসল। তাই এ অর্জনের কৃতিত্ব এককভাবে দাবি করা উচিত নয়। তিনি বলেন, ‘আমরা যদি একনায়কতন্ত্র থেকে মুক্ত হওয়ার পরও প্রশ্ন করি- জুলাই কার, তাহলে জুলাই কারও হবে না।’
ভবিষ্যতে দেশে যেন আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরশাসনের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, চলমান সংস্কার কার্যক্রমের মাধ্যমে এমন একটি গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলা হবে, যা ভবিষ্যতে স্বৈরাচার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।
গুমের প্রসঙ্গে তিনি জানান, এ ধরনের অপরাধ প্রতিরোধ এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার আইন প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে। প্রস্তাবিত আইনটি শিগগিরই সংসদে উপস্থাপন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আওয়ামী লীগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যক্তির মতো রাজনৈতিক দলও মানবতাবিরোধী অপরাধের জন্য বিচারের আওতায় আসতে পারে। তবে কোনো রাজনৈতিক দলের ভবিষ্যৎ নির্ধারণে নির্বাহী বিভাগের নয়, বিচার বিভাগের সিদ্ধান্তই চূড়ান্ত হওয়া উচিত।
জুলাই গণঅভ্যুত্থানকে দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ জাতীয় অর্জন হিসেবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় ঐক্য, গণতান্ত্রিক সংস্কার এবং জুলাই জাতীয় সনদের পূর্ণ বাস্তবায়নের মাধ্যমেই এই অর্জনের আদর্শ সংরক্ষণ করা সম্ভব।
সূত্র: বাসস