শুক্রবার, ৮ মে, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে শান্তর দুর্দান্ত সেঞ্চুরি, মুমিনুলের দৃঢ়তায় ঘুরে দাঁড়াল বাংলাদেশ


মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দারুণ সেঞ্চুরি ও মুমিনুল হকের দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচে শক্ত অবস্থান গড়ে তুলেছে টাইগাররা। টেস্ট ক্যারিয়ারের নবম শতক তুলে নেওয়ার পরই আউট হন শান্ত।
পাকিস্তানের বিপক্ষে শান্তর দুর্দান্ত সেঞ্চুরি, মুমিনুলের দৃঢ়তায় ঘুরে দাঁড়াল বাংলাদেশ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। শুক্রবার (৮ মে) মাত্র ৩১ রানেই দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা। তবে সেই বিপর্যয়ের মুহূর্তে হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুমিনুল হক। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ধীরে ধীরে ম্যাচে ফেরে বাংলাদেশ।

দারুণ আত্মবিশ্বাস নিয়ে খেলতে থাকা শান্ত ইনিংসজুড়ে পাকিস্তানি বোলারদের ওপর আধিপত্য দেখান। ম্যাচের ৫৩তম ওভারে আব্বাসের প্রথম বল কাভার ড্রাইভে বাউন্ডারিতে পাঠিয়ে টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি পূর্ণ করেন বাংলাদেশ অধিনায়ক। ১২৯ বলে শতক ছোঁয়ার পথে তিনি মারেন ১২টি চার ও ২টি ছক্কা।

এর আগে ৪৯তম ওভারে লং অন দিয়ে আব্বাসকে হাঁকানো শান্তর বিশাল ছক্কাটি ছিল দিনের অন্যতম সেরা শট। তবে শতক পূরণের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। সেঞ্চুরির পরের বলেই এলবিডব্লুর ফাঁদে পড়েন তিনি। পাকিস্তানের রিভিউয়ে আউট নিশ্চিত হলে ১৩০ বলে ১০১ রান করে সাজঘরে ফিরতে হয় টাইগার অধিনায়ককে।

টেস্ট ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন শান্ত। সর্বশেষ আট ইনিংসের মধ্যে এটি তার চতুর্থ সেঞ্চুরি। অন্যদিকে, একপ্রান্ত আগলে রেখে দারুণ ধৈর্যের পরিচয় দিচ্ছেন মুমিনুল। দিনের খেলা চলাকালে তিনি ৬৪ রানে অপরাজিত ছিলেন। শান্ত আউট হওয়ার পর পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন মুশফিকুর রহিম

বিরতির আগে পর্যন্ত ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২২৩ রান।