মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
বিদায়ের মঞ্চ •

জাতীয় দলের জার্সিতে শেষ অনুশীলনে মেসি


আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে জাতীয় দলের সঙ্গে শেষবারের মতো অনুশীলন করেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ম্যাচটি হবে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়। মেসির বিদায়ী ম্যাচ উপলক্ষে বিশেষ জার্সিও প্রস্তুত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

৫ অক্টোবর ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ 

জাতীয় দলের জার্সিতে শেষ অনুশীলনে মেসি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলার আগে জাতীয় দলের সঙ্গে শেষবারের মতো অনুশীলনে নামলেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ সময় বুধবার ভোরে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। তার আগে দলের সঙ্গে শেষ অনুশীলন সেরে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা আগেই দিয়েছিলেন মেসি। সেই সিদ্ধান্তের পর জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় ফেরেন তিনি। প্রথমে নিজের শহর রোজারিওতে সময় কাটিয়ে পরে বুয়েনস এইরেসে দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেন এই তারকা।

মেসিকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। পোস্টে তাঁকে "অধিনায়ক" হিসেবে অভিবাদন জানানোর পাশাপাশি আবেগঘন বার্তাও দেওয়া হয়। এরপর বল পায়ে মেসির অনুশীলনের ছবিও প্রকাশ করা হয়েছে।

চলতি ফিফা উইন্ডোয় বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষে মেসিকে ছাড়াই মাঠে নেমেছিল আর্জেন্টিনা। এবার বেনিনের বিপক্ষে ম্যাচের মাধ্যমে বিশ্বকাপের পর আবার জাতীয় দলের জার্সিতে ফিরছেন তিনি তবে এবারই শেষবারের মতো।

বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায়। মেসির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে বিশেষ একটি জার্সিও প্রস্তুত করেছে আর্জেন্টিনা। আকাশি-সাদা জার্সিতে থাকছে জাতীয় পতাকার সূর্যের প্রতীক, আর মেসির নাম ও জার্সি নম্বর লেখা হবে সোনালি রঙে। ম্যাচের পর সেটি মেসির ব্যক্তিগত জাদুঘরে সংরক্ষণ করা হবে বলে জানা গেছে।

ম্যাচের আগে মেসি ও কোচ লিওনেল স্কালোনির সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে। এরপরই আসবে সেই প্রতীক্ষিত মুহূর্ত আর্জেন্টিনার জার্সিতে দেশের মাটিতে শেষবারের মতো মাঠে নামবেন ফুটবলের অন্যতম সেরা এই তারকা।