রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
বার্সা বিতর্ক •

জয়সূচক গোলের পর পুরোনো বিতর্ক নিয়ে মুখ খুললেন আলভারেজ


দেপোর্তিভো লা করুনার বিপক্ষে জয়সূচক গোল করে আতলেতিকো মাদ্রিদকে জেতানোর পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন হুলিয়ান আলভারেজ। বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা প্রকাশের সময় নিজের বক্তব্যকে ভুল বলে স্বীকার করেন তিনি। কোচ দিয়েগো সিমিওনে তাঁর ক্ষমা চাওয়াকে ইতিবাচকভাবে দেখেছেন।

২৫ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ণ 

জয়সূচক গোলের পর পুরোনো বিতর্ক নিয়ে মুখ খুললেন আলভারেজ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আতলেতিকো মাদ্রিদের জার্সিতে জয়সূচক গোল করে দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। তবে মাঠের সাফল্যের পাশাপাশি এবার সমর্থকদের মন জয়ের চেষ্টাও করছেন এই ফরোয়ার্ড। বার্সেলোনায় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশের সময় নিজের বক্তব্য ও আচরণ নিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

লা লিগায় দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ১-০ গোলের জয়ে আলভারেজের একমাত্র গোলটি আতলেতিকোকে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট এনে দেয়। এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধানও কমিয়েছে দলটি। তবে গোল করার পরও গ্যালারির সব সমর্থকের মনোভাব পুরোপুরি বদলাতে পারেননি আর্জেন্টাইন এই তারকা।

মৌসুমের শুরুতে বার্সেলোনায় যাওয়ার সম্ভাবনা নিয়ে আলভারেজের বক্তব্য আতলেতিকো সমর্থকদের মধ্যে অসন্তোষ তৈরি করেছিল। এর জেরে কয়েকটি ম্যাচে তাঁকে দুয়োও শুনতে হয়। এবার নিজের ভুল স্বীকার করে সমর্থকদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছেন তিনি।

স্প্যানিশ সম্প্রচারমাধ্যম মুভিস্টারকে আলভারেজ বলেন, বিশ্বকাপ চলাকালে নিজের বক্তব্যের জন্য তিনি সমর্থকদের কাছে ক্ষমা চাইছেন। তাঁর ভাষ্য, কথাগুলো যেভাবে এবং যে সময়ে বলা হয়েছিল, তা ঠিক হয়নি।

সমর্থকদের ক্ষোভের কারণও বুঝতে পারছেন বলে জানিয়েছেন এই ফরোয়ার্ড। আতলেতিকোয় যোগ দেওয়ার পর থেকে সমর্থকেরা তাঁকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তা স্মরণ করে তিনি বলেন, তাঁদের প্রতিক্রিয়া অস্বাভাবিক নয়। এখন মাঠে নিজের সেরাটা দিয়ে সেই আস্থার প্রতিদান দিতে চান তিনি।

আলভারেজের জন্য সাম্প্রতিক সময়টা ছিল চ্যালেঞ্জিং। লা লিগায় আতলেতিকোর ঘরের মাঠে তাঁর সর্বশেষ গোলটি এসেছিল ২০২৫ সালের নভেম্বরে। দীর্ঘ বিরতির পর দেপোর্তিভোর বিপক্ষে গোল করে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। এর আগে চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও জালের দেখা পেয়েছিলেন এই আর্জেন্টাইন।

নিজের শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হচ্ছে জানিয়ে আলভারেজ বলেন, ধীরে ধীরে আগের চেয়ে ভালো অনুভব করছেন তিনি। নিজের খেলায় উন্নতি আনতে নিয়মিত পরিশ্রম করছেন বলেও জানান। তাঁর মতে, ব্যক্তিগত জীবনের পরিস্থিতিও একজন পেশাদার ফুটবলারের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে।

দেপোর্তিভোর বিপক্ষে গোলের পর গ্যালারির অনেক সমর্থক করতালি দিয়ে তাঁকে অভিনন্দন জানান। তবে দর্শকদের একটি অংশের অসন্তোষ তখনো স্পষ্ট ছিল। ফলে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সমর্থকদের আস্থা পুরোপুরি ফিরে পাওয়াও এখন আলভারেজের সামনে বড় চ্যালেঞ্জ।

এদিকে খেলোয়াড়ের ক্ষমা চাওয়ার সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন আতলেতিকোর কোচ দিয়েগো সিমিওনে। তাঁর মতে, ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার জন্য সাহস প্রয়োজন। আলভারেজের জন্য সন্তুষ্টি প্রকাশ করে সিমিওনে জানান, দলের জন্য এই ফরোয়ার্ডকে প্রয়োজন এবং তাঁকে আবারও স্বস্তিতে ফিরতে দেখে তিনি খুশি।