রাজধানীতে অভিযান • ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬২, মামলা ৪৩
২৮ অক্টোবর ২০২৬, ২:৪০ অপরাহ্ণ
মাঠের পারফরম্যান্সের বাইরে এবার বিতর্কে জড়িয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে তর্কের সময় মুখ ঢেকে কথা বলার ঘটনায় ব্রাজিলের ক্রীড়া আদালতে অভিযোগের মুখে পড়েছেন সান্তোসের এই ফরোয়ার্ড। অভিযোগ প্রমাণিত হলে ছয় ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছেন তিনি।
শনিবার ব্রাজিলিয়ান লিগে বাহিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় পায় সান্তোস। ওই ম্যাচেই বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্তরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে লাল কার্ড দেখেন নেইমার। তর্কের সময় হাত দিয়ে মুখ আড়াল করে কথা বলার বিষয়টি নিয়ে তৈরি হয় বিতর্ক। অভিযোগ উঠেছে, তাঁর আচরণ "ভিনিসিয়ুস জুনিয়র বিধি" লঙ্ঘনের আওতায় পড়তে পারে।
ঘটনাটিকে ভালোভাবে নেয়নি বাহিয়া। নেস্তরের উদ্দেশে নেইমারের বলা কথাকে মৌখিক দুর্ব্যবহার হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে ক্লাবটি। ম্যাচ শেষে নেস্তরও সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর ভাষ্য, নেইমারের মন্তব্য তাঁকে ব্যক্তিগতভাবে এবং বাহিয়ার জার্সির প্রতি অসম্মানিত করেছে।
এদিকে মুখ ঢেকে কথা বলার বিষয়টি নিজের ভুল বলে স্বীকার করেছেন ৩৪ বছর বয়সী নেইমার। তবে নেস্তরকে লক্ষ্য করে কোনো মন্তব্য করার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। উল্টো প্রতিপক্ষের এই ফুটবলারের বিরুদ্ধে ফুটবলের অন্যতম নোংরা কৌশল ব্যবহারের অভিযোগ তুলেছেন ব্রাজিলিয়ান তারকা।
নেইমারের বিষয়ে বুধবার শুনানি হওয়ার কথা রয়েছে। সেখানে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ছয় ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন তিনি। এমন শাস্তি কার্যকর হলে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ দিকের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে সান্তোসকে তাঁর সার্ভিস ছাড়াই মাঠে নামতে হতে পারে।
চলতি মৌসুমে ছয় ম্যাচ বাকি থাকতে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছে সান্তোস। অবনমন অঞ্চলের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে থাকলেও দলের জন্য মৌসুমের শেষ ভাগটি গুরুত্বপূর্ণ। গত মৌসুমে অবনমন এড়ানো ক্লাবটির জন্য নেইমারের সম্ভাব্য নিষেধাজ্ঞা তাই বড় ধাক্কা হয়ে উঠতে পারে।
এখন সবার নজর ক্রীড়া আদালতের শুনানির দিকে। শাস্তির সিদ্ধান্ত কী আসে, তার ওপর নির্ভর করছে মৌসুমের শেষ পর্যায়ে সান্তোসের হয়ে নেইমারের মাঠে থাকার ভবিষ্যৎ।