ডিএমপির অভিযান • মিরপুরে সর্বোচ্চ গ্রেফতার, ডিএমপির জালে ৫২১ জন
২৫ নভেম্বর ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
ক্যারিয়ারের হাজারতম গোলের স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার পেনাল্টি থেকে করা গোলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে কাতারের ক্লাব আল সাদকে ২-১ ব্যবধানে হারিয়েছে আল নাসর। এই গোলের মাধ্যমে পেশাদার ফুটবল ক্যারিয়ারে রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮৭ এ। ঐতিহাসিক মাইলফলক ছুঁতে এখন প্রয়োজন মাত্র ১৩ গোল।
সৌদি প্রো লিগে পরপর দুটি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন রোনালদো। তবে এবার স্পটকিক থেকে লক্ষ্যভেদ করে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে এগিয়ে দেন তিনি। এটি ছিল তার পেশাদার ক্যারিয়ারের ১৯৫তম পেনাল্টি গোল।
তবে পেনাল্টি থেকে গোল করার পাশাপাশি ব্যর্থতার হিসাবও রয়েছে পর্তুগিজ তারকার। এখন পর্যন্ত ৪০টি পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি। অন্যদিকে, তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি পেনাল্টি থেকে ১২৬টি গোল করেছেন, মিস করেছেন ৩৭টি।
রোনালদোর গোলে পিছিয়ে পড়ার পর দ্রুত ঘুরে দাঁড়ায় আল সাদ। ১০ মিনিটের ব্যবধানে মোহাম্মেদ ওয়াদের গোলে সমতায় ফেরে কাতারের ক্লাবটি। বিরতির আগে রোনালদো আরও একবার বল জালে পাঠালেও ভিএআরের সিদ্ধান্তে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আল সাদের গোলদাতা ওয়াদ। ফলে দ্বিতীয়ার্ধে একজন কম নিয়ে খেলতে হয় তাদের। এই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ৫২ মিনিটে জয়সূচক গোলটি করেন জোয়াও ফেলিক্স। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।
চলতি মৌসুমে আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে ১১টি গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী রোনালদো। তার সামনে এখন সবচেয়ে বড় লক্ষ্য ক্যারিয়ারের গোলসংখ্যাকে চার অঙ্কে নিয়ে যাওয়া।
এই জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের পশ্চিমাঞ্চলীয় লিগ পর্বের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে আল নাসর। প্রতিটি অঞ্চলের ১৬ দলের মধ্যে শীর্ষ আটটি দল শেষ ষোলোতে খেলার সুযোগ পাবে।