মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

বিশ্বকাপ ইস্যুতে বিসিবির ‘না’, আলোচনায় আসছে আইসিসি প্রতিনিধি দল


ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একাধিক মেইল ও ভার্চুয়াল আলোচনার পরও বিসিবিকে অবস্থান বদলাতে রাজি করাতে পারেনি আইসিসি। এবার সরাসরি আলোচনার জন্য বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর উদ্যোগ নিচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

১৫ জানুয়ারী ২০২৬, ৯:১২ অপরাহ্ণ 

বিশ্বকাপ ইস্যুতে বিসিবির ‘না’, আলোচনায় আসছে আইসিসি প্রতিনিধি দল
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ভারতের মাটিতে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করার বিষয়ে নিজের অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে একাধিকবার ই-মেইল আদান–প্রদান ও ভার্চুয়াল বৈঠক হলেও সিদ্ধান্ত পুনর্বিবেচনায় রাজি হয়নি বোর্ড। ফলে বিষয়টি মীমাংসায় এবার সরাসরি আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করছে আইসিসি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বোর্ড সভাপতির বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। যদিও প্রতিনিধি দল আসার বিষয়টি শতভাগ নিশ্চিত করেননি তিনি।

বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে সাম্প্রতিক নানা ইস্যুর পাশাপাশি ক্রিকেট প্রসঙ্গেও কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের তির্যক মন্তব্য এবং ক্রিকেটারদের খেলা বর্জনের অবস্থানের প্রেক্ষাপটে বিশ্বকাপ ইস্যুতে গণমাধ্যমের প্রশ্নের জবাব দেন আসিফ নজরুল।

তিনি বলেন, ‘আমি সর্বশেষ অবস্থা শুধু এইটুকুই জানি, আমাকে আমিনুল ইসলাম সাহেব জানিয়েছে যে আইসিসির একটা টিম বোধহয় আসছে বাংলাদেশে কথা বলার জন্য। আমরা আমাদের অবস্থান থেকে সরার কোনো সুযোগ নাই।’

এ সময় তিনি আরও জানান, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে আগ্রহী হলেও ভারতের মাটিতে নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজন করা সম্ভব বলে মনে করে সরকার ও বিসিবি।

আসিফ নজরুল বলেন, ‘আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই এবং সেটা আমরা শ্রীলঙ্কাতেই খেলতে চাই। এটা আয়োজন করা অসম্ভব না বলেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’এর আগে ভারতের মাটিতে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে মেইল পাঠায় বিসিবি। এরপর দুই পক্ষের মধ্যে একাধিক দফা আলোচনা হয়। সর্বশেষ ভার্চুয়াল বৈঠকে বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানালেও বোর্ড স্পষ্টভাবে জানিয়ে দেয়, তারা নিজেদের অবস্থান থেকে সরে আসবে না।

এই পরিস্থিতিতে আইসিসির প্রতিনিধি দলের সম্ভাব্য সফর এবং আলোচনার ফলাফলের দিকে এখন তাকিয়ে রয়েছে দেশের ক্রিকেট অঙ্গন।