বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

পাসপোর্ট ভোগান্তি কমাতে নিবন্ধিত সহায়তাকারী ব্যবস্থা চালুর উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী


দেশে পাসপোর্ট পেতে দীর্ঘদিনের ভোগান্তি ও দালালনির্ভরতা কমাতে নতুন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিকভাবে ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে পরীক্ষামূলকভাবে নিবন্ধিত সহায়তাকারী ব্যবস্থা চালু করা হবে।

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২২ অপরাহ্ণ 

পাসপোর্ট ভোগান্তি কমাতে নিবন্ধিত সহায়তাকারী ব্যবস্থা চালুর উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দেশে পাসপোর্ট প্রাপ্তি নিয়ে দীর্ঘদিনের অভিযোগ ও ভোগান্তি কমাতে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, দেশে পাসপোর্ট নিয়ে অভিযোগ বহু দিনের। অধিকাংশ মানুষ সঠিকভাবে আবেদন প্রক্রিয়া সম্পর্কে অবগত নন। ফলে অনেকেই দালালচক্র বা অসাধু মধ্যস্বত্বভোগীদের খপ্পরে পড়ে অতিরিক্ত অর্থ ব্যয় ও নানা ধরনের হয়রানির শিকার হন।

মন্ত্রী জানান, এই ভোগান্তি নিরসনে সরকার নতুন একটি পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে। প্রথম পর্যায়ে ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা চালু করা হবে। পরিকল্পনা অনুযায়ী, দলিল লেখকদের মতো পাসপোর্ট কার্যক্রমেও কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিবন্ধিত সহায়তাকারী হিসেবে অনুমোদন দেওয়া হবে।

জানা গেছে, এসব নিবন্ধিত সহায়তাকারী আবেদনপত্র পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং অনলাইন আবেদন প্রক্রিয়ায় আবেদনকারীদের সহায়তা করবেন। নির্ধারিত সার্ভিস চার্জের বিনিময়ে তারা এ সেবা দিতে পারবেন। এতে সাধারণ মানুষের হয়রানি কমবে এবং দালালনির্ভরতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা করছে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ উদ্যোগ একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, অন্যদিকে পাসপোর্ট সেবা আরও স্বচ্ছ, সহজলভ্য ও জবাবদিহিমূলক হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিগগিরই এ বিষয়ে বিস্তারিত নীতিমালা প্রকাশ করবে বলে তিনি জানান।