মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

রাজশাহীতে মোটরশ্রমিক ইউনিয়নের কমিটি নিয়ে দ্বন্দ্ব, দূরপাল্লার বাস চলাচল বন্ধ


মোটরশ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা ঘিরে দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলার সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকদের একাংশ। সোমবার সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
রাজশাহীতে মোটরশ্রমিক ইউনিয়নের কমিটি নিয়ে দ্বন্দ্ব, দূরপাল্লার বাস চলাচল বন্ধ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

মোটরশ্রমিক ইউনিয়নের কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলায় বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে আটটার দিকে শ্রমিকদের একাংশ হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দেন। এরপর থেকে রাজশাহী থেকে কোনো রুটেই বাস ছেড়ে যায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন গত রোববার রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করে। ২১ সদস্যের ওই কমিটিতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি এবং মোমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়। তবে নির্বাচন ছাড়া কমিটি ঘোষণার প্রতিবাদে শ্রমিকদের একটি অংশ সোমবার সকাল থেকেই আন্দোলনে নামে। তারা সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেন।

আন্দোলনকারীদের দাবি, ঘোষিত কমিটি বাতিল করে তিন মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন করতে হবে এবং দ্রুত নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে। এর আগে গত ২৩ এপ্রিল ইউনিয়ন অফিসের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর শিরোইল এলাকায় পরিবহন শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও টার্মিনালসংলগ্ন বিভিন্ন দোকানে ভাঙচুর চালানো হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ফেডারেশন সমঝোতার ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করে।

এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। জরুরি প্রয়োজনে বিভিন্ন গন্তব্যে যেতে এসে অনেকেই বাস না পেয়ে ফিরে যাচ্ছেন।