শনিবার, ১১ জুলাই, ২০২৬

বাংলাদেশসহ ৭ দেশের জন্য সৌদির নতুন ভিসা প্যাকেজ


বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য ভ্রমণ ব্যবস্থা আরও সহজ করতে ‘সমন্বিত ভ্রমণ প্যাকেজ’ নামে নতুন একটি ভিসা উদ্যোগ চালু করেছে সৌদি আরব। এই কর্মসূচির আওতায় পর্যটকরা একটিমাত্র বুকিংয়ের মাধ্যমেই রিটার্ন ফ্লাইট, হোটেল আবাসন এবং ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা পেয়ে যাবেন। ফলে আলাদাভাবে দূতাবাসে গিয়ে ভিসার আবেদন করার আর কোনো প্রয়োজন হবে না।

১১ জুলাই ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ণ 

বাংলাদেশসহ ৭ দেশের জন্য সৌদির নতুন ভিসা প্যাকেজ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বাংলাদেশসহ বিশ্বের সাতটি দেশের নাগরিকদের জন্য পর্যটন ব্যবস্থা আরও সহজ ও গতিশীল করতে একটি বিশেষ সমন্বিত ভ্রমণ প্যাকেজ চালু করেছে সৌদি আরব সরকার। শুক্রবার (১০ জুলাই) মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম ‘গালফ নিউজ’-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রাথমিক পর্যায়ে এই সুবিধার জন্য যে সাতটি দেশকে নির্বাচন করা হয়েছে সেগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া এবং মেক্সিকো। সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে পর্যায়ক্রমে বিশ্বের আরও অন্যান্য দেশের নাগরিকদের জন্যও এই সেবা উন্মুক্ত করা হবে।

নতুন এই কর্মসূচির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, ভ্রমণকারীরা একটিমাত্র বুকিংয়ের মাধ্যমেই তাদের পুরো সফরের সব ব্যবস্থা সম্পন্ন করতে পারবেন। এই সমন্বিত প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে: আসা-যাওয়ার বিমান টিকিট , অনুমোদিত পর্যটন হোটেলে থাকার ব্যবস্থা ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা।

এর ফলে পর্যটকদের আলাদাভাবে ভিসার জন্য আবেদন করতে হবে না কিংবা সৌদি দূতাবাসে যাওয়ারও প্রয়োজন পড়বে না। অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে প্যাকেজ বুকিং করার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ইলেকট্রনিক পদ্ধতিতে ভিসা ইস্যু করা হবে এবং তা ভ্রমণ বীমাসহ সরাসরি আবেদনকারীর ইমেইলে পাঠিয়ে দেওয়া হবে। বর্তমানে কেবল ‘রিজারভাল’ ও ‘আলমোসাফের’ নামের দুটি ট্রাভেল এজেন্সিকে এই পরিষেবা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

নতুন এই ট্যুরিস্ট ভিসার মেয়াদ হবে সর্বোচ্চ তিন মাস (৯০ দিন)। তবে এই ভিসায় কেবল একবারই সৌদি আরবে প্রবেশ করা যাবে। পর্যটকরা দেশটিতে সর্বনিম্ন ২ দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।

ব্যয় সংক্রান্ত তথ্যে জানানো হয়েছে, প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের সর্বনিম্ন প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার সৌদি রিয়াল। এরপর প্রতি অতিরিক্ত দিনের অবস্থানের জন্য আরও ১ হাজার সৌদি রিয়াল করে যোগ হবে। এছাড়া ভিসা প্রদান ও ভ্রমণ বীমাসহ মোট ভিসা ফি ধরা হয়েছে ৪০২ দশমিক ২১ সৌদি রিয়াল। ভ্রমণকারীরা চাইলে তাদের প্যাকেজের সাথে বিভিন্ন বিনোদনমূলক ইভেন্টের টিকিটও আগে থেকে যুক্ত করে নিতে পারবেন।

সৌদি কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, এই প্যাকেজগুলোর মূল মূল্যের মধ্যে মক্কা ও মদিনায় ওমরাহ-সম্পর্কিত কোনো বিশেষ পরিষেবা বা পরিবহনের ব্যবস্থা সরাসরি অন্তর্ভুক্ত নেই। তবে এই ভিসা নিয়ে সৌদি আরবে পৌঁছানোর পর পর্যটকরা মক্কা ও মদিনাসহ দেশটির যেকোনো দর্শনীয় স্থানে স্বাধীনভাবে ভ্রমণ করতে পারবেন।

কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে যদি ফ্লাইট বা হোটেলের বুকিং বাতিল করতে হয়, তবে অর্থ ফেরত (Refund) এবং বুকিং পরিবর্তনের বিষয়টি অনুমোদিত ভ্রমণসেবা প্রদানকারী এজেন্সির নিজস্ব নীতিমালা অনুযায়ী নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছে দেশটির পর্যটন মন্ত্রণালয়।