বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট, আজ রাতেই বিমানের উদ্বোধনী যাত্রা


দীর্ঘ ১৪ বছর বিরতির পর আবারও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ শুরু হচ্ছে। আজ রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে করাচির উদ্দেশে যাত্রা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম সরাসরি ফ্লাইট। উদ্বোধনী এই ফ্লাইটের সব টিকিট আগেই বিক্রি হয়ে গেছে।

২৯ জানুয়ারী ২০২৬, ৯:১২ পূর্বাহ্ণ 

১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট, আজ রাতেই বিমানের উদ্বোধনী যাত্রা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর পুনরায় চালু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ। আজ রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে করাচির উদ্দেশে উড্ডয়ন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৬২ আসনের একটি ফ্লাইট। এটি হবে ঢাকা-করাচি রুটে বিমানের প্রথম সরাসরি ফ্লাইট।

বিমানসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০১২ সালে ঢাকা-করাচি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে যায়। তবে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের পর পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAA) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে এই রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। প্রাথমিকভাবে এই অনুমোদন ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। পরবর্তী সময়ে তা পুনর্বিবেচনা করা হতে পারে।

নতুন অনুমোদন অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে নির্ধারিত রুট ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে হবে। করাচি বিমানবন্দরে বিমানের জন্য আলাদা একটি স্লট নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ঢাকা থেকে ফ্লাইট ছাড়ার আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইটসংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে হবে।

পাকিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অপারেশনাল সমন্বয় ও নিরাপত্তা সংক্রান্ত সব নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে। কর্মকর্তাদের মতে, এই সরাসরি ফ্লাইট চালু হওয়ায় দুই দেশের জনগণের যাতায়াত সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যসহ পারস্পরিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে।