মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি বাংলাদেশ


আইসিসির চূড়ান্ত ঘোষণায় ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের ছাড়পত্র পেয়েছে বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে সুবিধাজনক অবস্থান এবং ২০২৬ বিশ্বকাপের সমীকরণ নিশ্চিত হওয়ায় লিটন-শান্তদের বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছে।

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫০ অপরাহ্ণ 

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি বাংলাদেশ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিতব্য ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সুবিধাজনক অবস্থানে থাকায় নাজমুল হোসেন শান্তর দল এই সুযোগ পেয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তান নামিবিয়াকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করার পরই ২০২৮ আসরের এই সমীকরণটি চূড়ান্ত হয়।

সরাসরি খেলবে যে ১২ দল আইসিসির নিয়ম অনুযায়ী, ২০২৮ সালের বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নেবে। এর মধ্যে ১২টি দল সরাসরি খেলার সুযোগ পাচ্ছে:

স্বাগতিক হিসেবে: অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

২০২৬ বিশ্বকাপের পারফরম্যান্সের ভিত্তিতে: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে ওঠা আটটি দল সরাসরি টিকিট পেয়েছে। এই তালিকায় আছে-  ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড। (নিউজিল্যান্ড সুপার এইটে উঠলেও তারা স্বাগতিক হিসেবে আগেই নিশ্চিত ছিল)।

র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে: সুপার এইটের বাইরে থাকা দলগুলোর মধ্যে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা তিনটি দল সরাসরি সুযোগ পেয়েছে। এরা হলো-  বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

আইসিসি র‍্যাঙ্কিং বিবেচনার জন্য আগামী ৯ মার্চকে 'কাট-অফ ডে' বা শেষ সময় হিসেবে নির্ধারণ করেছে। বর্তমানে বাংলাদেশ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরে অবস্থান করছে। ১০ ও ১২ নম্বর অবস্থানে আছে যথাক্রমে আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

মজার বিষয় হলো, ৯ মার্চের আগে এই তিনটি দলের আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নেই। ফলে তাদের পয়েন্ট কমে যাওয়ার বা র‍্যাঙ্কিংয়ে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে মাঠের লড়াইয়ে নামার আগেই সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে গেল টাইগারদের।

বাকি ৮টি দল নির্ধারিত হবে বিশ্বের বিভিন্ন অঞ্চলের বাছাইপর্বের প্রতিযোগিতার মাধ্যমে।