মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

ছেঁড়া-ফাটা নোট নিতে বাধ্য সব ব্যাংক, অবহেলায় কঠোর ব্যবস্থা


দেশজুড়ে ছেঁড়া, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোটের ব্যবহার বেড়ে যাওয়ায় এগুলো গ্রহণ ও বিনিময় বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

১৩ এপ্রিল ২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ণ 

ছেঁড়া-ফাটা নোট নিতে বাধ্য সব ব্যাংক, অবহেলায় কঠোর ব্যবস্থা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দেশজুড়ে ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোটের ব্যবহার বেড়ে যাওয়ায় এ ধরনের নোট গ্রহণ ও বিনিময়মূল্য প্রদান সব তফসিলি ব্যাংকের জন্য বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

রোববার (১২ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট (ডিসিএম) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, জনসাধারণের স্বাভাবিক ও সুষ্ঠু নগদ লেনদেন নিশ্চিত করতে ব্যাংকের সব শাখায় বিধি অনুযায়ী ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোট গ্রহণ এবং তার পরিবর্তে নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোট সরবরাহের সেবা নিয়মিত চালু রাখতে হবে। তবে এ নির্দেশনা থাকা সত্ত্বেও বাজারে এখনও এ ধরনের নোটের আধিক্য দেখা যাচ্ছে, যা সাধারণ মানুষের নগদ লেনদেনে ভোগান্তি সৃষ্টি করছে।

এই পরিস্থিতি মোকাবিলায় ‘ক্লিন নোট পলিসি’ বাস্তবায়নের অংশ হিসেবে ব্যাংকগুলোকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ছোট মূল্যমানের ৫, ১০, ২০ ও ৫০ টাকার নোট নিয়মিতভাবে গ্রহণ করে নির্ধারিত বিশেষ কাউন্টারের মাধ্যমে তা বিনিময়ের ওপর জোর দেওয়া হয়েছে।

এছাড়া, এসব নোটের পরিবর্তে গ্রাহকদের ফ্রেশ বা পুনঃপ্রচলনযোগ্য নোট সরবরাহ নিশ্চিত করতে হবে। কোনো ব্যাংক শাখা এ সেবা প্রদানে অনীহা বা গাফিলতি করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংককে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।