মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক, খোলা ১৭ অক্টোবর


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে এ সময়ে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও উপশাখাগুলোতে সীমিত পরিসরে কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

১২ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ 

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক, খোলা ১৭ অক্টোবর
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংকে ছুটি থাকবে। তবে ১৭ অক্টোবর শনিবার ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। ছুটির সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও উপশাখাগুলোকে সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সুপারভিশন ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর সরকারি ছুটি থাকবে। এ কারণে ওই তিন দিন দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে। তবে ১৭ অক্টোবর শনিবার ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুসারে কার্যক্রম পরিচালনা করবে।

এদিকে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার পোর্ট ও কাস্টমস অঞ্চলে অবস্থিত ব্যাংকের শাখা ও উপশাখাগুলো সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে আগের নির্দেশনা বহাল থাকবে।

তবে ২০ থেকে ২২ অক্টোবরের সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এসব শাখা ও উপশাখায় আমদানি-রপ্তানিসংশ্লিষ্ট কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখতে হবে। এ জন্য স্থানীয় প্রশাসন, বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।