মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

বাংলাদেশের মাথাপিছু জিডিপি ভারতে ছাড়িয়ে যেতে পারে ২০২৬ সালে: আইএমএফ পূর্বাভাস


আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (International Monetary Fund) সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ভারতের তুলনায় বেশি হতে পারে। ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’-এ প্রকাশিত এ তথ্য নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

২১ এপ্রিল ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ 

বাংলাদেশের মাথাপিছু জিডিপি ভারতে ছাড়িয়ে যেতে পারে ২০২৬ সালে: আইএমএফ পূর্বাভাস
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

চলতি বছর বাংলাদেশ মাথাপিছু জিডিপির ক্ষেত্রে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মঙ্গলবার (২১ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রল এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

আইএমএফের ১৪ এপ্রিল প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ অনুযায়ী, বর্তমান মূল্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ২ হাজার ৯১১ মার্কিন ডলার হতে পারে। একই সময়ে ভারতের মাথাপিছু জিডিপি প্রাক্কলন করা হয়েছে ২ হাজার ৮১২ মার্কিন ডলার। মাথাপিছু জিডিপি একটি দেশের ব্যক্তি প্রতি অর্থনৈতিক উৎপাদনের গড় পরিমাণ নির্দেশ করে। এটি নির্ধারণ করা হয় মোট জিডিপিকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে।

প্রতিবেদন অনুযায়ী, উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোর গড় মাথাপিছু জিডিপি প্রায় ৭ হাজার ৫০০ ডলার, যেখানে বিশ্বব্যাপী এই গড় প্রায় ১৫ হাজার ৬০০ ডলার। এর আগে ২০২৫ সালে ভারতের মাথাপিছু জিডিপি ছিল ২ হাজার ৬৭৫ ডলার এবং বাংলাদেশের ছিল প্রায় ২ হাজার ৬৩৫ ডলারের কিছু বেশি। এছাড়া ২০২৩ ও ২০২৪ সালেও এই সূচকে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে ছিল।

তবে আইএমএফের দীর্ঘমেয়াদি পূর্বাভাস বলছে, ২০২৭ সাল থেকে পরিস্থিতি বদলাতে পারে। ওই বছর ভারতের মাথাপিছু জিডিপি ৩ হাজার ৭৪ ডলারে পৌঁছাতে পারে, যেখানে বাংলাদেশের হতে পারে ৩ হাজার ৪৮ ডলারের কিছু বেশি। সংস্থাটি আরও জানিয়েছে, অন্তত ২০৩১ সাল পর্যন্ত ভারত এই সূচকে বাংলাদেশকে ছাড়িয়ে থাকতে পারে।

অন্যদিকে সামগ্রিক অর্থনীতির আকারে ভারত অনেক এগিয়ে রয়েছে। ২০২৬ সালে ভারতের মোট জিডিপি প্রাক্কলন করা হয়েছে ৪.১ ট্রিলিয়ন ডলার, যেখানে বাংলাদেশের জিডিপি হতে পারে প্রায় ৫১০ বিলিয়ন ডলার।

আইএমএফ বছরে দুইবার ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রকাশ করে থাকে, যেখানে বৈশ্বিক অর্থনীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ প্রবণতা বিশ্লেষণ করা হয়। সংস্থাটি সতর্ক করে বলেছে, পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতি বিশ্ব অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে। এর ফলে ২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ৩ দশমিক ১ শতাংশ এবং ২০২৭ সালে ৩ দশমিক ২ শতাংশে সীমিত থাকতে পারে।