দেশে হাম ও এর উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১০৭
৫ জুলাই ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ
কর নথি অডিটে পড়েছে এমন ভুয়া তথ্য দিয়ে করদাতাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি প্রতারক চক্র। এ ধরনের জালিয়াতি ও প্রতারণা থেকে সতর্ক থাকতে দেশের করদাতাদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ রোববার (৫ জুলাই) এক জরুরি সতর্কতামূলক বার্তায় সংস্থাটি স্পষ্ট করেছে যে, অডিট সংক্রান্ত কোনো তথ্য কখনোই ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে জানানো হয় না এবং এ বিষয়ে অনানুষ্ঠানিক কোনো অর্থ লেনদেনের সুযোগ নেই।
এনবিআর জানায়, সম্প্রতি এক শ্রেণির প্রতারক চক্র করদাতাদের ফাইল অডিটের জন্য নির্বাচিত হয়েছে বলে বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে যোগাযোগ করছে। তারা অডিট থেকে অব্যাহতি দেওয়ার প্রলোভন কিংবা আইনি জটিলতার ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ দাবি করছে।
এনবিআর স্পষ্টভাবে জানিয়েছে, কোনো করদাতার ফাইল অডিটের জন্য নির্বাচিত হলে তা শুধুমাত্র আইনানুগ প্রক্রিয়ায় আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমে জানানো হয়। জাতীয় রাজস্ব বোর্ডের কোনো কর্মকর্তা বা কর্মচারী কখনোই ব্যক্তিগত মোবাইল নম্বর বা অননুমোদিত মাধ্যমে করদাতার সাথে যোগাযোগ করেন না।
এনবিআরের নির্দেশনায় বলা হয়: কর সংক্রান্ত যেকোনো বকেয়া কর বা ফি কেবল সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। কোনো কর্মকর্তা বা ব্যক্তি ব্যক্তিগতভাবে, কিংবা বিকাশ, রকেট, নগদ-এর মতো কোনো মোবাইল ব্যাংকিং বা ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ গ্রহণের এখতিয়ার রাখেন না।
সন্দেহ হলে করদাতাদের যা করণীয়
এ ধরনের কোনো সন্দেহজনক ফোনকল, খুদে বার্তা (এসএমএস) বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে দ্রুত সংশ্লিষ্ট কর অঞ্চলের উপ-কর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছে এনবিআর। কোনো ব্যক্তি এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে বলা হয়েছে। পাশাপাশি প্রতারকের ব্যবহৃত ফোন নম্বরটি সংরক্ষণে রাখারও পরামর্শ দিয়েছে সংস্থাটি। জাতীয় রাজস্ব বোর্ড করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তাই কোনো অবস্থাতেই প্রতারকদের প্রলোভন বা ভয়ভীতির কাছে নতি স্বীকার করে কোনো আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।