শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশে স্টারলিংকের ডিরেক্ট-টু-সেল সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক


বাণিজ্যিকভাবে স্টারলিংকের ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) সেবা চালুর জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অনুমোদন পেয়েছে মোবাইল অপারেটর বাংলালিংক। এর ফলে প্রচলিত মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে থাকা দুর্গম এলাকাতেও বাংলালিংকের গ্রাহকেরা মোবাইল সংযোগ ব্যবহারের সুযোগ পাবেন। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশেই প্রথম এই সেবা চালু হতে যাচ্ছে।

২৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:২২ অপরাহ্ণ 

বাংলাদেশে স্টারলিংকের ডিরেক্ট-টু-সেল সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বাণিজ্যিকভাবে স্টারলিংকের ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) সেবা চালুর জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অনুমোদন পেয়েছে বাংলালিংক। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মোবাইল অপারেটরটি।

বাংলালিংক জানিয়েছে, ডিটুসি সেবা ব্যবহারের জন্য গ্রাহকদের বাড়তি কোনো যন্ত্রপাতি বা বিশেষ ধরনের মোবাইল ফোনের প্রয়োজন হবে না। বাংলালিংকের সংযোগ এবং ফোর-জি সুবিধাসম্পন্ন মোবাইল ফোন থাকলেই ডিটুসি কভারেজের আওতাভুক্ত এলাকায় এ সেবা ব্যবহার করা যাবে। এ সেবা নিতে স্যাটেলাইট ডিশ স্থাপন বা নতুন কোনো অবকাঠামো তৈরিরও প্রয়োজন হবে না। প্রাথমিক পর্যায়ে ডিটুসি সেবার মাধ্যমে এসএমএস, ডেটা মেসেজিং এবং হোয়াটসঅ্যাপ কলের সুবিধা পাওয়া যাবে।

বাংলালিংকের মোবাইল নেটওয়ার্কের সঙ্গে স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি সমন্বয় করে এ সেবা দেওয়া হবে। এর মাধ্যমে প্রচলিত মোবাইল নেটওয়ার্ক পৌঁছায় না -এমন সাগর, দুর্গম দ্বীপ, উপকূলীয় অঞ্চল ও পাহাড়ি এলাকায় মোবাইল সংযোগ সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

বিশেষ করে সমুদ্রগামী জেলে, দুর্গম এলাকার বাসিন্দা এবং প্রাকৃতিক দুর্যোগের সময় বিচ্ছিন্ন হয়ে পড়া মানুষের যোগাযোগের ক্ষেত্রে এ সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছে বাংলালিংক।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়োহান বুসে বলেন, এ উদ্যোগের মূল বিষয় প্রযুক্তি নয়, মানুষ। সাগরে থাকা জেলে, দুর্গম এলাকার পরিবার কিংবা দুর্যোগে আটকে পড়া মানুষের যোগাযোগ নিয়ে যেন চিন্তা করতে না হয়, সে লক্ষ্যেই স্টারলিংকের মাধ্যমে প্রচলিত মোবাইল নেটওয়ার্কের সীমার বাইরে সংযোগ পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, এর ফলে বাংলাদেশের আরও বেশি মানুষ এবং আরও বেশি জায়গা থেকে যোগাযোগের সুযোগ পাবেন। বাংলালিংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাণিজ্যিকভাবে স্টারলিংকের ডিরেক্ট-টু-সেল সেবা চালুর পথে রয়েছে।