বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
বড় অভিযান •

ডিএমপির অভিযানে একদিনে ৫৪৭ জন গ্রেফতার, বিপুল মাদক উদ্ধার


রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৭ জন গ্রেফতার হয়েছেন। এ সময় ৬৮টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ৩৫ হাজার ৮১০ পিস ইয়াবা, ৬২ কেজি ৬৯০ গ্রাম গাঁজা, ফেনসিডিলসহ বিপুল মাদক উদ্ধার করা হয়। গ্রেফতারের সংখ্যায় শীর্ষে রয়েছে মিরপুর বিভাগ।

৪ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ 

ডিএমপির অভিযানে একদিনে ৫৪৭ জন গ্রেফতার, বিপুল মাদক উদ্ধার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীতে অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৫৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধে ৬৮টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৬৯ জন রয়েছেন। এ ছাড়া রমনা বিভাগে ২৬, লালবাগে ৪৯, ওয়ারীতে ৭০, মতিঝিলে ৫৬, তেজগাঁওয়ে ৭৪, গুলশানে ৩৬, উত্তরা বিভাগে ৪২, গোয়েন্দা বিভাগে ২৪ এবং এসআরইউর অভিযানে একজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৬২ কেজি ৬৯০ গ্রাম গাঁজা, ৩৫ হাজার ৮১০ পিস ইয়াবা, ২২৪ বোতল উইনসেরেক্স, ১২৬ বোতল ফেনসিডিল এবং ৬ হাজার ৯৬০ লিটার দেশীয় মদ।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।