বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন চালুর পরিকল্পনা


ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেওয়ায় দেশের জ্বালানি সাশ্রয়ে শিক্ষাখাতে নতুন পদক্ষেপ ভাবছে সরকার। এ পরিস্থিতিতে সারা দেশের স্কুলগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

৩১ মার্চ ২০২৬, ১:৩২ অপরাহ্ণ 

সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন চালুর পরিকল্পনা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ইরানকে কেন্দ্র করে আন্তর্জাতিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও দামের ওপর চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দেশে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী পদক্ষেপ নিতে বিভিন্ন খাতের মতো শিক্ষাখাতেও নতুন পরিকল্পনা করছে সরকার।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানান, সারা দেশের স্কুলগুলোতে সশরীরে পাঠদানের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

তিনি বলেন, জ্বালানি সংকটের কারণে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হতে পারে- এমন আশঙ্কা মাথায় রেখে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ করে বড় শহর ও মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইন ক্লাস চালুর বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিক্ষামন্ত্রী আরও জানান, এ বিষয়ে একটি প্রস্তাব আগামী মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। সেখানে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিকে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকার সপ্তাহে ছয় দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার পরিকল্পনাও করছে। এতে পাঠ্যসূচি সম্পন্ন করা সহজ হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

সরকারের মতে, পরিস্থিতি অনুযায়ী সরাসরি ও অনলাইন- দুই ধরনের শিক্ষা কার্যক্রম চালু রাখা গেলে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হওয়ার সম্ভাবনা কমবে এবং একই সঙ্গে জ্বালানি ব্যবহারে কিছুটা সাশ্রয়ও সম্ভব হবে।