ইরানকে ট্রাম্পের নতুন হুমকি: ৪৮ ঘণ্টায় চুক্তি না হলে ‘সম্পূর্ণ ধ্বংস’
৮ এপ্রিল ২০২৬, ৯:০৪ অপরাহ্ণ
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা, যানজট নিরসন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বিত পদ্ধতি চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে।
বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ আয়োজিত ‘বৈশ্বিক জ্বালানি সংকটে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা ও বিদ্যুৎ সাশ্রয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই পদ্ধতি চালু করা হবে না। বরং যেসব প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে, সেগুলোতে পাইলট প্রকল্প হিসেবে এটি বাস্তবায়ন করা হতে পারে। প্রস্তাবিত মডেলে সপ্তাহে কয়েকদিন অনলাইন এবং বাকি দিনগুলোতে অফলাইন ক্লাস পরিচালিত হবে। তিনি আরও বলেন, এ উদ্যোগের ফলে একদিকে জ্বালানি সাশ্রয় হবে, অন্যদিকে রাজধানীর যানজটও কিছুটা কমবে। একই সঙ্গে শিক্ষার্থীরা নিয়মিত পাঠক্রমের মধ্যে থাকতে পারবে।
ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা প্রযুক্তিনির্ভর ও অনেকাংশে ‘পেপারলেস’ হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সংসদ থেকে শুরু করে শ্রেণিকক্ষ- সব জায়গায় ডিজিটাল ব্যবস্থার ব্যবহার বাড়ছে। নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকল্প নেই।
অনলাইন ক্লাস কার্যকর করতে শিক্ষকদের প্রশিক্ষণ ও তদারকি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন এবং সৌরবিদ্যুৎ ও বৈদ্যুতিক পরিবহনের ব্যবহার বৃদ্ধির ওপর জোর দেন। এদিকে, অনলাইন ক্লাস বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার সকালে একই ভেন্যুতে প্রেস ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং সংকট মোকাবিলায় জনমতকে গুরুত্ব দিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বিএম আব্দুল হান্নান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া।