শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চতুর্থ শ্রেণিতে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ বই, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তুলতে আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে ‘খেলাধুলা’ নামে নতুন বই যুক্ত করছে সরকার। এর মাধ্যমে শিশুদের সুস্থ, মাদকমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

৯ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ 

চতুর্থ শ্রেণিতে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ বই, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তুলতে আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে ‘খেলাধুলা’ নামে নতুন বই যুক্ত করছে সরকার। এর মাধ্যমে শিশুদের সুস্থ, মাদকমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে ঢাকা-১৬ আসনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে আমিনুল হক বলেন, জীবনের লক্ষ্য নির্ধারণ করে তা অর্জনে মনোযোগী হতে হবে। এ ক্ষেত্রে পড়াশোনার কোনো বিকল্প নেই। তবে সুস্থ শরীর ও সুস্থ জাতি গঠনে খেলাধুলার গুরুত্বও সমান। তিনি জানান, নতুন বইয়ে খেলাধুলার উপকারিতা, পুষ্টি এবং সুস্থ থাকতে প্রয়োজনীয় খাবার সম্পর্কে শিক্ষার্থীরা জানতে পারবে। ছোটবেলা থেকেই খেলাধুলার চর্চা গড়ে উঠলে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধও বাড়বে।

রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে ঐক্যবদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, বিগত ১৭ বছরের ইতিহাসের পুনরাবৃত্তি কেউ চায় না। শিক্ষার্থীদের জন্য সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, সরকার এবং সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবিশ সভাপতিত্ব করেন। এতে ঢাকা-১৬ আসনের শিক্ষাপ্রতিষ্ঠান পর্ষদের সভাপতি মইনুল হক মঈন, এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হাফিজুর রহমান সরকারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।