ক্ষমতাচ্যুত সরকারের সাবেক মন্ত্রী-এমপি ও কর্মকর্তাদের বন্দিজীবন, কারাগারে রয়েছেন যারা
২২ নভেম্বর ২০২৬, ৩:২৮ অপরাহ্ণ
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী এবার অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও নিজের অবস্থান তৈরি করতে যাচ্ছেন। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান "বিগ প্রোডাকশন" এর প্রথম নির্মাণ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র "ঠিকানা" জায়গা করে নিয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরে। নতুন এই অর্জনের মধ্য দিয়ে প্রযোজক হিসেবে পথচলা শুরু হলো বুবলীর।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে "বিগ প্রোডাকশন" নামে নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানের যাত্রা শুরুর ঘোষণা দিয়েছিলেন বুবলী। সে সময় সিনেমা, নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিও নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি। তবে ঘোষণার পর প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে তেমন কোনো খবর পাওয়া যায়নি। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রথম নির্মাণ নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে প্রতিষ্ঠানটি।
এদিকে সাম্প্রতিক সময়ে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন ও মাতৃত্ব নিয়ে বেশি ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। গত ১১ মে দ্বিতীয়বারের মতো মা হওয়ার পর থেকে অনেকটাই আড়ালে রয়েছেন তিনি। সিনেমার শুটিং, প্রচারণা কিংবা বিনোদন অঙ্গনের বিভিন্ন আয়োজনে তাঁর উপস্থিতিও তুলনামূলক কম দেখা যাচ্ছে। ২০২৬ সালের ঈদে মুক্তি পাওয়া "প্রেশার কুকার" সিনেমায় অভিনয় করলেও প্রচারণায় অংশ নেননি বুবলী।
তবে অভিনয়ে ফেরার প্রস্তুতিও চলছে বলে জানা গেছে। নির্মাতা জাহিদ হোসেনের "ঢাকাইয়া দেবদাস" সিনেমায় দেখা যেতে পারে তাঁকে। পরিকল্পনা অনুযায়ী, আগামী জানুয়ারিতে সিনেমাটিতে বুবলীর অংশের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এ ছাড়া নতুন কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের বিষয়ে পরিচালকদের সঙ্গে তাঁর আলোচনা চলছে বলেও জানা গেছে।
সম্প্রতি নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন লোগ প্রকাশ এবং কোরিওগ্রাফার গৌতম সাহার সঙ্গে একটি ভিডিওবার্তায় অংশ নেওয়ার মধ্য দিয়ে জনসমক্ষে কিছুটা সক্রিয় হয়েছেন বুবলী। তবে নিয়মিত অভিনয়ে ফেরার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি তিনি। আপাতত মাতৃত্বের পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠানের কার্যক্রম এগিয়ে নেওয়ার দিকেই তাঁর মনোযোগ।
"ঠিকানা" পরিচালনা করেছেন মুরসালিন সরকার। চিত্রনাট্য লিখেছেন তাহসিন রিফাত। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী কাজী মিনহাজ ও পূর্ণতা। আগামী ৯ জানুয়ারি শুরু হতে যাওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরে প্যানোরামা ট্যালেন্ট বিভাগে সিনেমাটি প্রদর্শিত হবে।
প্রযোজক হিসেবে নিজের প্রথম কাজ নিয়ে আশাবাদী শবনম বুবলী। "বিগ প্রোডাকশন" এর পাশে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে দর্শকদের জন্য আরও ভালো ও মানসম্মত কাজ উপহার দেওয়ার প্রত্যাশার কথাও জানিয়েছেন এই অভিনেত্রী।