বুধবার, ২২ জুলাই, ২০২৬

প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান, দেশের প্রতিনিধিত্ব করবেন অনিকা মেরাজ


ইতিহাসে প্রথমবারের মতো মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে পাকিস্তান। ২০২৬ সালের মিস ওয়ার্ল্ড পাকিস্তান হিসেবে নির্বাচিত হয়েছেন ২৪ বছর বয়সী অনিকা জমাল ইকবাল (অনিকা মেরাজ)। আগামী আগস্ট-সেপ্টেম্বরে ভিয়েতনামে অনুষ্ঠিত ৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় তিনি পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন।

২১ জুলাই ২০২৬, ৬:১২ অপরাহ্ণ 

প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান, দেশের প্রতিনিধিত্ব করবেন অনিকা মেরাজ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ইতিহাসে প্রথমবারের মতো মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে পাকিস্তান। ২০২৬ সালের মিস ওয়ার্ল্ড পাকিস্তান হিসেবে নির্বাচিত হয়েছেন ২৪ বছর বয়সী অনিকা জমাল ইকবাল, যিনি অনিকা মেরাজ নামেও পরিচিত। আগামী ৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিতব্য ৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ।

ব্যবসা ও অর্থনীতিতে স্নাতক অনিকা হিসাববিজ্ঞান ও নিরীক্ষা বিষয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি পাকিস্তানের দানিস বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং ও অডিটিং বিষয়ে স্নাতকোত্তর করছেন। পাশাপাশি তিনি ‘বিউটি উইথ পারপাস’ নামে একটি সামাজিক উদ্যোগ পরিচালনা করছেন, যার মূল লক্ষ্য পাকিস্তানের থ্যালাসেমিয়া রোগীদের সহায়তা করা।

নিজের নির্বাচিত হওয়ার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অনিকা বলেন, পাকিস্তানের প্রথম মিস ওয়ার্ল্ড হিসেবে নির্বাচিত হতে পেরে তিনি অত্যন্ত সম্মানিত ও আনন্দিত। দেশের প্রতিনিধিত্ব করার সুযোগকে তিনি জীবনের সবচেয়ে বড় অর্জন বলে উল্লেখ করেন এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের জন্য সেরাটা দেওয়ার অঙ্গীকার করেন।

তিনি আরও জানান, জাতীয় পরিচালক সোনিয়া আহমেদের প্রতি তিনি কৃতজ্ঞ, যিনি তাঁর ওপর আস্থা রেখে এই দায়িত্ব দিয়েছেন। একই সঙ্গে ফটোগ্রাফার, মেকআপ শিল্পী, ভিডিও নির্মাতাসহ পুরো টিমের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লাহোরের ফ্যালেট্টিস হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে অনিকার মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন মিস পাকিস্তান ইউনিভার্সাল ২০২২ ড. শাফাক আখতার এবং মিস্টার পাকিস্তান ওয়ার্ল্ড আত্তাউল্লাহ গুজ্জর। অনুষ্ঠানে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন অনিকা। তিনি বলেন, রাষ্ট্র স্বীকৃত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হওয়ার পাশাপাশি শিশুদের অধিকার রক্ষা এবং মেয়েদের শিক্ষার প্রসারে কাজ করতে চান।

আয়োজকদের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অনিকা একজন অভিজ্ঞ প্রতিযোগী। এর আগে তিনি ছয়টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে চারটি শিরোপা অর্জন করেছেন। এর আগে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছিলেন এরিকা রবিন ও রোমা রিয়াজ। তবে এবারই প্রথমবারের মতো মিস ওয়ার্ল্ডের মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন দেশটির কোনো প্রতিযোগী।

অনিকার এই অর্জনে আনন্দ প্রকাশ করেছেন তাঁর মা-বাবা। মেয়ের সফল মডেল হওয়ার স্বপ্নপূরণে তাঁরা শুরু থেকেই পাশে ছিলেন এবং কখনোই তাঁর ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে চাপ দেননি।

সূত্র: গালফ টুডে।