মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’


মার্ভেল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। আন্তর্জাতিক মুক্তির এক দিন আগে, ৩০ জুলাই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে টম হল্যান্ড অভিনীত বহুল প্রতীক্ষিত এই সিনেমা।

২৭ জুলাই ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ 

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) জনপ্রিয় সুপারহিরো স্পাইডার-ম্যান আবারও ফিরছেন নতুন অভিযানে। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ শিরোনামের বহুল প্রতীক্ষিত সিনেমাটি আন্তর্জাতিকভাবে ৩১ জুলাই মুক্তি পেলেও বাংলাদেশের দর্শকরা এটি দেখতে পারবেন এক দিন আগেই। আগামী ৩০ জুলাই স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রদর্শনী শুরু হবে।

এটি এমসিইউর ৩৮তম চলচ্চিত্র এবং টম হল্যান্ড অভিনীত স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ কিস্তি। সিনেমাটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। আগের কিস্তিগুলোর ধারাবাহিকতায় পিটার পার্কার বা স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড এবং এমজে চরিত্রে ফিরেছেন জেন্ডায়া। এছাড়া জ্যাকব ব্যাটালন ও মার্ক রাফেলোও তাদের পরিচিত চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন।

নতুন কিস্তিতে যুক্ত হয়েছে বেশ কয়েকটি নতুন চরিত্র। ‘আসোকা’খ্যাত ইমান এসফান্ডি অভিনয় করেছেন এমজের নতুন প্রেমিকের ভূমিকায়। ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা সেডি সিঙ্ককে দেখা যাবে একটি রহস্যময় চরিত্রে। পাশাপাশি দর্শকদের জন্য বড় চমক হিসেবে ফ্র্যাঙ্ক ক্যাসেল ওরফে ‘দ্য পানিশার’ চরিত্রে ফিরছেন জন বার্নথাল।

গল্পের প্রেক্ষাপট শুরু হয়েছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার পর। ডক্টর স্ট্রেঞ্জের জাদুর কারণে পুরো পৃথিবী পিটার পার্কারকে ভুলে যাওয়ার পর নতুন বাস্তবতায় একাই নিউইয়র্ককে রক্ষা করার দায়িত্ব কাঁধে তুলে নেয় সে। পরিচয় গোপন রেখে জীবনযাপন, মানসিক চাপ এবং এক নতুন শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার পাশাপাশি তার অতিমানবীয় ক্ষমতাতেও দেখা দেয় অপ্রত্যাশিত পরিবর্তন।

নির্মাতাদের দাবি, এই কিস্তিতে দর্শকরা আগের তুলনায় আরও পরিণত, দায়িত্বশীল এবং আত্মবিশ্বাসী স্পাইডার-ম্যানকে দেখতে পাবেন। ফলে শুধু অ্যাকশন নয়, চরিত্রটির মানসিক বিকাশও সিনেমার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

প্রযুক্তিগত দিক থেকেও ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বিশেষ গুরুত্ব বহন করছে। এটি বিশ্বের প্রথম চলচ্চিত্র, যা সম্পূর্ণভাবে ‘শট ফর স্ক্রিনএক্স’ প্রযুক্তিতে নির্মিত হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে মূল পর্দার পাশাপাশি সিনেমা হলের দুই পাশের দেয়ালেও দৃশ্য সম্প্রসারিত হয়, ফলে দর্শকরা ২৭০ ডিগ্রি প্যানোরামিক ভিউতে আরও নিমগ্ন অভিজ্ঞতায় সিনেমা উপভোগ করতে পারবেন।

মুক্তির আগেই সিনেমাটি ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ট্রেলার প্রকাশের পর প্রথম ২৪ ঘণ্টায় এটি ৭১ কোটি ৮৬ লাখের বেশি ভিউ অর্জন করে নতুন রেকর্ড গড়েছে। একই সঙ্গে বিভিন্ন দেশে অগ্রিম টিকিট বিক্রিও চলছে ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে।

বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ শুধু বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি নয়, মুক্তির পর আয়েও বড় সাফল্য অর্জন করতে পারে। আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার সুযোগ পাওয়ায় দেশের মার্ভেল ভক্তদের উচ্ছ্বাসও বেড়েছে।