শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আন্ধার •

পূজায় মুক্তি নিয়ে অনিশ্চয়তা, ঈদের অপেক্ষায় রায়হান রাফীর "আন্ধার"।


রায়হান রাফীর তারকাবহুল হরর সিনেমা "আন্ধার" এর পূজায় মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ভিএফএক্সের কাজ চলমান থাকায় মুক্তি পিছিয়ে আগামী বছরের কোনো ঈদে হতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে প্রযোজক শাকিব চৌধুরী জানিয়েছেন, আপাতত অক্টোবরের মুক্তির ঘোষণাই বহাল আছে।

২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ 

পূজায় মুক্তি নিয়ে অনিশ্চয়তা, ঈদের অপেক্ষায় রায়হান রাফীর "আন্ধার"।
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বড় বাজেট, তারকাবহুল আয়োজন ও হরর ঘরানার সিনেমা সব মিলিয়ে শুরু থেকেই আলোচনায় রয়েছে নির্মাতা রায়হান রাফীর  "আন্ধার"। পূজা উপলক্ষে আগামী মাসে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন সংশ্লিষ্টরা। সেই পরিকল্পনা অনুযায়ী প্রকাশ করা হয়েছিল সিনেমাটির পোস্টার। এরপর দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিতে উন্মোচন করা হয় ১ মিনিট ২৬ সেকেন্ডের টিজারও। তবে মুক্তির সময় যত ঘনিয়ে আসছে, ততই তৈরি হচ্ছে অনিশ্চয়তা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি মাসেই সিনেমাটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার কথা ছিল। কিন্তু মাস শেষের পথে থাকলেও এখন পর্যন্ত সিনেমাটি জমা পড়ার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে পূজায়  "আন্ধার" মুক্তি পাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে নতুন করে সংশয়। পরিচালক, প্রযোজক কিংবা অভিনয়শিল্পীদের পক্ষ থেকেও এখন পর্যন্ত মুক্তির বিষয়ে নতুন কোনো তারিখ নিশ্চিত করা হয়নি।

এরই মধ্যে চলচ্চিত্রসংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, পূজায় নয়, বরং আগামী বছরের কোনো একটি ঈদ উৎসবকে কেন্দ্র করে মুক্তি পেতে পারে  "আন্ধার"। বড় বাজেটের এই সিনেমাটিকে বড় কোনো উৎসবেই দর্শকদের সামনে হাজির করতে চাইছেন নির্মাতা ও প্রযোজকরা এমন আলোচনা রয়েছে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি সিনেমাটির সংশ্লিষ্টরা।

"আন্ধার" এর মুক্তি নিয়ে গুঞ্জনের মধ্যেই সিনেমাটির নির্মাণকাজ অবশ্য পুরোদমে চলছে। বিশেষ করে সিনেমাটির ভিএফএক্সের কাজে বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই মধ্যে ভিএফএক্সের কাজ নিয়ে মুম্বাইয়ে সময় কাটিয়েছেন সিনেমাটির অন্যতম চিত্রনাট্যকার ও প্রযোজক শাকিব চৌধুরী। ১৩ দিন মুম্বাইয়ে অবস্থান করে গত ২০ সেপ্টেম্বর দেশে ফিরেছেন তিনি। কাজের প্রয়োজনে আবারও মুম্বাই যেতে হবে বলেও জানিয়েছেন এই প্রযোজক।

মুক্তির তারিখ নিয়ে জানতে চাইলে নির্মাতা রায়হান রাফী সংশ্লিষ্ট প্রযোজকদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। পরে সিনেমাটির অন্যতম চিত্রনাট্যকার ও প্রযোজক শাকিব চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আপাতত সিনেমাটির মুক্তির বিষয়ে নতুন কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হচ্ছে না।

শাকিব চৌধুরী বলেন, মুক্তির বিষয়ে এখনই অফিসিয়ালি কিছু বলছি না। আমরা অক্টোবরের কথা বলেছিলাম, এখন পর্যন্ত সেটাই অফিসিয়াল ঘোষণা। যদি তারিখ পরিবর্তন হয়, আমরা সময়মতো জানাব।


তবে "আন্ধার" এর প্রতি দর্শকদের আগ্রহের অন্যতম কারণ শুধু এর তারকাবহুল আয়োজন কিংবা বড় বাজেট নয়, সিনেমাটির হরর ঘরানাও বড় আকর্ষণ। বাংলাদেশে নিয়মিত বাণিজ্যিক হরর সিনেমা নির্মাণের প্রবণতা তুলনামূলকভাবে কম। ফলে রায়হান রাফীর মতো জনপ্রিয় নির্মাতার হাত ধরে বড় পরিসরে একটি হরর সিনেমা আসছে এ খবর প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয় বাড়তি কৌতূহল।

"আন্ধার"এর গল্পের পেছনেও রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের ভৌতিক লোককাহিনি ও অতিপ্রাকৃত ঘটনাকে ঘিরে দীর্ঘদিনের আগ্রহ। সিনেমাটির গল্প লিখেছেন ক্রিপটিক ফেইট ব্যান্ডের শাকিব চৌধুরী ও অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন। গল্পের সঙ্গে যুক্ত আছেন আদনান আদিব খানও। দেশের বিভিন্ন অঞ্চলে প্রচলিত ভৌতিক গল্প, লোকবিশ্বাস ও অতিপ্রাকৃত ঘটনাকে কেন্দ্র করে সিনেমাটির গল্পের ভাবনা তৈরি হয়েছে বলে জানা গেছে।

সিনেমাটিতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় ও গুণী একঝাঁক তারকা। এতে দেখা যাবে সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, মোস্তফা মনওয়ার, আফসানা মিমি, ফররুখ আহমেদ রেহান ও গাজী রাকায়েতসহ আরও অনেককে। ফলে গল্প, নির্মাণশৈলী ও অভিনয়শিল্পীদের সমন্বয়ে  "আন্ধার" নিয়ে দর্শকদের প্রত্যাশাও বেশ বড়।

ইতোমধ্যে প্রকাশিত পোস্টার ও টিজারে সিনেমাটির রহস্যময় আবহ দর্শকদের নজর কেড়েছে। টিজারে হরর ও থ্রিলের ইঙ্গিত থাকায় সিনেমাটিকে ঘিরে কৌতূহল আরও বেড়েছে। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণার।

অক্টোবরে পূজার উৎসবে  "আন্ধার" সত্যিই প্রেক্ষাগৃহে আসবে, নাকি বড় কোনো ঈদ উৎসবকে লক্ষ্য করে মুক্তি পিছিয়ে যাবে সেটিই এখন দেখার বিষয়। তবে প্রযোজকের বক্তব্য অনুযায়ী, আপাতত অক্টোবরের মুক্তির ঘোষণাই বহাল রয়েছে। তারিখে কোনো পরিবর্তন এলে তা আনুষ্ঠানিকভাবেই জানানো হবে।