মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ইধিকার উত্থান •

শাকিবের নায়িকা থেকে এবার জিতের জুটি, ইধিকার ক্যারিয়ারে নতুন মোড়।


পশ্চিমবঙ্গের ছোট পর্দা থেকে বড় পর্দায় এসে দ্রুতই নিজের অবস্থান তৈরি করেছেন ইধিকা পাল। শাকিব খানের পর দেব ও যীশু সেনগুপ্তর সঙ্গে কাজ করে এবার জিতের নায়িকা হওয়ার আলোচনায় তিনি। সামনে আবারও শাকিবের সঙ্গে জুটি বাঁধার সম্ভাবনাও রয়েছে এই অভিনেত্রীর।

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ণ 

শাকিবের নায়িকা থেকে এবার জিতের জুটি, ইধিকার ক্যারিয়ারে নতুন মোড়।
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

পশ্চিমবঙ্গের ছোট পর্দা থেকেই অভিনয়ের পথচলা শুরু ইধিকা পালের। টিভি সিরিয়ালে অভিনয় করে পরিচিতি পেলেও বড় পর্দায় পা রাখার পর দ্রুতই বদলে যায় তাঁর ক্যারিয়ারের চিত্র। ২০২৩ সালে হিমেল আশরাফের "প্রিয়তমা" সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পান তিনি। ছবিটির সাফল্যের পর ইধিকার পরিচিতি ছড়িয়ে পড়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই বাংলাতেই।

এরপর শাকিবের সঙ্গে ফের জুটি বাঁধেন "বরবাদ" সিনেমায়। পরপর দুই ছবিতে শাকিবের নায়িকা হওয়ার পর ইধিকার ক্যারিয়ারে আসে নতুন গতি। এরপর টালিউডের জনপ্রিয় অভিনেতা দেবের সঙ্গে "খাদান" ও "রঘু ডাকাত" সিনেমায় কাজ করেন তিনি। পাশাপাশি সোহমসহ আরও কয়েকজন পরিচিত তারকার সঙ্গেও পর্দা ভাগ করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি সৃজিত মুখার্জির "কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ" সিনেমার শুটিং শেষ করেছেন ইধিকা। এই ছবিতে যীশু সেনগুপ্তর সঙ্গে অভিনয় করেছেন তিনি। এবার আরও বড় এক তারকার বিপরীতে দেখা যেতে পারে তাঁকে। পশ্চিমবঙ্গের একাধিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, জিতের নতুন সিনেমায় নায়িকা হিসেবে ইধিকার নাম আলোচনায় রয়েছে। ছবিটি এসকে মুভিজের প্রযোজনায় নির্মিত হওয়ার কথা থাকলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

অভিনয়ের পাশাপাশি নিজের ক্যারিয়ার গড়ার গল্পও সম্প্রতি জানিয়েছেন ইধিকা। এক পডকাস্টে তিনি বলেন, শুরুতে তাঁর অভিনয়ে আসার বিষয়ে পরিবারের সম্মতি ছিল না। তাঁর বাবা টালিউডে জুনিয়র টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন এবং সিনেমার জগতের অনিশ্চয়তা খুব কাছ থেকে দেখেছেন। তাই মেয়েকে স্থায়ী চাকরিতে দেখতে চেয়েছিলেন তিনি।

তবে অভিনয়ের প্রতি নিজের আগ্রহ থেকে বাবার কাছে এক বছর সময় চেয়েছিলেন ইধিকা। সেই সময়ের মধ্যেই নিজেকে প্রমাণ করার সুযোগ পান তিনি। এরপর একের পর এক বড় প্রজেক্টে কাজের সুযোগ তাঁর ক্যারিয়ারকে নিয়ে যায় নতুন উচ্চতায়।

ইধিকার মতে, বাংলা বাণিজ্যিক সিনেমার দর্শক এখনো অনেক বড়। ভালো গল্প ও সঠিক নির্মাণের মাধ্যমে শহরের বাইরের দর্শকদেরও সিনেমাহলে টানা সম্ভব। তাই ভিন্নধারার ছবির পাশাপাশি সাধারণ দর্শকের জন্য নির্মিত বাণিজ্যিক সিনেমায় কাজ করতেই বেশি আগ্রহী তিনি।

শাকিব, দেব কিংবা যীশু বড় তারকাদের সঙ্গে কাজের অভিজ্ঞতাকেও নিজের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে দেখছেন ইধিকা। তাঁর ভাষায়, প্রত্যেকেই নিজেদের সিনেমাকে সফল করতে ভীষণ মনোযোগী। আর এই অভিজ্ঞতাগুলো নতুন অভিনেত্রী হিসেবে তাঁর জন্য বড় শিক্ষার জায়গা তৈরি করেছে।

এদিকে, মেহেদি হাসানের নতুন সিনেমায় আবারও শাকিব খানের সঙ্গে ইধিকার জুটি হতে পারে এমন গুঞ্জনও রয়েছে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।