রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ডিআর কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪


গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) যান্ত্রিক ত্রুটির পর জরুরি অবতরণের চেষ্টা করতে গিয়ে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়াঙ্গো প্রদেশের কেঙ্গেতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সরকারি প্রতিনিধিদলের সদস্য ও বেসামরিক নাগরিক রয়েছেন।

২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ 

ডিআর কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সরকারি প্রতিনিধিদলের সদস্য ও বেসামরিক নাগরিক রয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কোয়াঙ্গো প্রদেশের কেঙ্গে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কিকউইট শহর থেকে রাজধানী কিনশাসার উদ্দেশে যাত্রার সময় বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে কেঙ্গেতে জরুরি অবতরণের চেষ্টা করলে বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। কোয়াঙ্গো প্রদেশের ডেপুটি গভর্নর রেমি সাকি বোকিন্দা জানান, কেঙ্গেতে কোনো রানওয়ে না থাকায় বিমানটি একটি আবাসিক প্লটে আছড়ে পড়ে।

কঙ্গোর সামরিক মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেনগে দুর্ঘটনায় ১৪ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানে থাকা সবাই মারা গেছেন। নিহতদের মধ্যে ১২ জন আগুনে পুড়ে এতটাই দগ্ধ হয়েছেন যে তাদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। পাইলটের মরদেহ বিমানের ধ্বংসাবশেষের বাইরে পাওয়া যায়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে দুই জেনারেলের সঙ্গে থাকা বেসামরিক নাগরিক, সরকারি প্রতিনিধিদলের সদস্য এবং অন্যান্য সামরিক কর্মকর্তাও ছিলেন।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তবে ঠিক কী কারণে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

খনিজ সম্পদে সমৃদ্ধ মধ্য আফ্রিকার দেশ ডিআর কঙ্গো দীর্ঘদিন ধরে সংঘাত ও সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতায় অস্থিতিশীল। বিশেষ করে দেশটির পূর্বাঞ্চলে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী গুরুত্বপূর্ণ খনি এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করছে। দেশটির সেনাবাহিনীও এসব সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এর মধ্যেই সামরিক বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির এই ঘটনা ঘটল।

সূত্র: আল জাজিরা