রাজকীয় সমাপ্তি • বিদায়ের ম্যাচে মেসির জাদু, ৩-০ গোলে বেনিনকে হারাল আর্জেন্টিনা
৮ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
ভারতীয় চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা নানা পাটেকারকে নিয়ে মৃত্যুর একটি খবর ছড়িয়ে পড়েছে। প্রচারিত তথ্যে বলা হচ্ছে, গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ৭৫ বছর বয়সে মারা গেছেন এই অভিনেতা।
প্রচারিত বিবরণ অনুযায়ী, সকালে শারীরিক অবস্থার অবনতি হলে নানা পাটেকারকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করেন। পরে সকাল ৫টা ২০ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন এমন দাবিও করা হয়েছে।
নানা পাটেকার ভারতীয় চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে নিজের শক্তিশালী অভিনয়শৈলীর জন্য পরিচিত। সংলাপ বলার স্বতন্ত্র ধরন, চরিত্রের গভীরে পৌঁছে যাওয়ার ক্ষমতা এবং পর্দায় দাপুটে উপস্থিতির কারণে তিনি দর্শক ও সমালোচকদের কাছে বিশেষ মর্যাদা পেয়েছেন।
১৯৭৮ সালে "গমন" সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন নানা পাটেকার। তার প্রকৃত নাম বিশ্বনাথ পাটেকার। পরবর্তী সময়ে "পরিন্দা", "ওয়াজুদ", "আব তাক ছাপ্পান", "অপহরণ", "শক্তি দ্য পাওয়ার" ও "রাজনীতি"র মতো সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেন তিনি।
বাণিজ্যিক সিনেমাতেও নানা পাটেকারের জনপ্রিয়তা ছিল ব্যাপক। "ওয়েলকাম" সিনেমায় গ্যাংস্টার উদয় শেঠির চরিত্রে তার অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। পরে "ওয়েলকাম ব্যাক" সিনেমাতেও একই চরিত্রে দেখা যায় তাকে।
মারাঠি চলচ্চিত্রেও তার অভিনয় প্রতিভার উজ্জ্বল প্রকাশ ঘটেছে। "নটসম্রাট" সিনেমায় তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয় এবং এ কাজের জন্য তিনি ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেন।
অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ ও সংগীতেও কাজ করেছেন নানা পাটেকার। "যশোবন্ত", "ওয়াজুদ" ও "আঁচ" সিনেমায় প্লেব্যাক শিল্পী হিসেবেও কণ্ঠ দিয়েছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মাননা অর্জন করেছেন এই বহুমুখী শিল্পী।