নতুন জুটি • শাকিবের নায়িকা হচ্ছেন পাকিস্তানের কিনজা হাশমি, "মহব্বত" ঘিরে নতুন চমক
৭ নভেম্বর ২০২৬, ১:৫৪ অপরাহ্ণ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আজ বসছে সংগীতের বড় আয়োজন। "কনসার্ট ফর সলিডারিটি" শিরোনামের এই উন্মুক্ত কনসার্টে একই মঞ্চে সংগীত পরিবেশন করবে দেশের সাতটি জনপ্রিয় ব্যান্ড। সাত ঘণ্টার এই আয়োজনে দর্শকদের জন্য প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাওয়া কনসার্টে অংশ নেবে নগরবাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, শিরোনামহীন, আর্টসেল, মেকানিক্স ও ফিডব্যাক। প্রিয় ব্যান্ডগুলোর পরিবেশনা উপভোগ করতে ইতোমধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
আয়োজকদের দেওয়া সূচি অনুযায়ী, দুপুর ৩টায় দর্শকদের জন্য কনসার্টের প্রবেশপথ খুলে দেওয়া হবে। এরপর বিকেল ৪টা থেকে শুরু হবে মূল সংগীত পরিবেশনা। কোনো টিকিট ছাড়াই দর্শকরা এই আয়োজন উপভোগ করতে পারবেন।
কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন নগরবাউল জেমস। নিজের ফেসবুক পোস্টে ভক্তদের উদ্দেশে তিনি মানিক মিয়া অ্যাভিনিউতে দেখা হওয়ার বার্তা দিয়েছেন। অন্যদিকে, ব্যান্ড ওয়ারফেজও সামাজিক মাধ্যমে কনসার্টে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে ভক্তদের আমন্ত্রণ জানিয়েছে।
একই মঞ্চে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ডের অংশগ্রহণে এবারের আয়োজন ঘিরে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। বিশেষ করে জেমস, মাইলস, ওয়ারফেজ ও আর্টসেলের পরিবেশনা দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা। সব মিলিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে সংগীতপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে বড় এক মিলনমেলা।