পরিকল্পিত আক্রমণ • মধ্যরাতে পরীমনির ফেসবুক লাইভ, গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
১১ নভেম্বর ২০২৬, ১:০৮ অপরাহ্ণ
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। এবার তাঁর বিয়ের খবর ঘিরে সরগরম কলকাতার বিনোদন অঙ্গন। গুঞ্জন উঠেছে, আগামী ৫ ডিসেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন এই অভিনেত্রী। যদিও এ বিষয়ে এখনো নিজে কোনো মন্তব্য করেননি তিনি।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জীবনের নতুন অধ্যায় শুরু করার প্রস্তুতি নিচ্ছেন মিমি। তবে তাঁর সম্ভাব্য জীবনসঙ্গী চলচ্চিত্র কিংবা বিনোদন জগতের কেউ নন। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে, সিদ্ধার্থ নামের এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে অভিনেত্রীর। পেশাগতভাবে তিনি নৌবাহিনীর কর্মকর্তা বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
সম্প্রতি কলকাতার খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরে মিমির উপস্থিতি বিয়ের জল্পনাকে আরও উসকে দিয়েছে। বিষয়টি সামনে আসার পর অনেকের ধারণা, বিয়ের পোশাক বেছে নিতেই সেখানে গিয়েছিলেন অভিনেত্রী। কারণ, তারকাদের বিয়ের সাজে সব্যসাচীর নকশা বরাবরই বিশেষ আকর্ষণ তৈরি করে।
দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, কিয়ারা আদভানি ও অদিতি রাও হায়দারির মতো তারকার বিয়ের পোশাকের সঙ্গে যুক্ত ছিল এই ডিজাইনারের নাম। ফলে মিমির বিয়েতেও সব্যসাচীর তৈরি পোশাক দেখা যাবে কি না, তা নিয়ে শুরু হয়েছে নতুন কৌতূহল।
বিয়ের সম্ভাব্য আয়োজন নিয়েও ছড়িয়েছে নানা তথ্য। শোনা যাচ্ছে, ডিসেম্বরের মূল অনুষ্ঠানের আগে নভেম্বরেই আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন মিমি। এরপর ৫ ডিসেম্বর পাহাড়ি পরিবেশে বসতে পারে বিয়ের আসর। সম্ভাব্য স্থান হিসেবে আলোচনায় রয়েছে কালিম্পং। এমনকি ঘনিষ্ঠ আত্মীয়স্বজনদের কাছে আমন্ত্রণপত্র পাঠানোর কথাও শোনা যাচ্ছে।
তবে এসব খবরের সত্যতা এখনো নিশ্চিত করেননি মিমি চক্রবর্তী। ফলে ৫ ডিসেম্বর সত্যিই বিয়ের সাজে দেখা যাবে কি না এই অভিনেত্রীকে, সেই অপেক্ষাতেই রয়েছেন তাঁর ভক্ত ও অনুরাগীরা।