সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
প্রেমের গল্প •

দুই দিনেই কোটি ভিউ, ইউটিউবে রেকর্ড গড়ল তৌসিফ-তটিনী


তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী অভিনীত "মন দুনিয়া" নাটকটি ইউটিউবে মাত্র দুই দিনে এক কোটির বেশি ভিউ পেয়েছে। ইমরাউল রাফাত পরিচালিত প্রেম, বন্ধুত্ব ও পারিবারিক টানাপড়েনের গল্পটি দ্রুততম সময়ে কোটি ভিউয়ের রেকর্ড গড়েছে। অর্জনে দর্শক ও পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তৌসিফ।

৯ নভেম্বর ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ 

দুই দিনেই কোটি ভিউ, ইউটিউবে রেকর্ড গড়ল তৌসিফ-তটিনী
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

প্রেম, বন্ধুত্ব, বিচ্ছেদ আর পারিবারিক দ্বন্দ্বের আবেগঘন গল্প নিয়ে নির্মিত নাটক "মন দুনিয়া" মুক্তির পর থেকেই দর্শকদের নজর কেড়েছে। ইউটিউবে প্রকাশের মাত্র দুই দিনের মধ্যেই নাটকটি এক কোটির বেশি ভিউ অর্জন করেছে। দ্রুততম সময়ে কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়ে নতুন রেকর্ড গড়েছে ক্যাপিটাল ড্রামার এই আয়োজন।

ইমরাউল রাফাতের পরিচালনায় নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী। প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও নাটকটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। দর্শকদের অনেকে গল্প, অভিনয় ও আবেগের দৃশ্যগুলোর প্রশংসা করছেন।

নাটকের গল্প আবর্তিত হয়েছে বিশ্ববিদ্যালয় জীবনের পরিচয় থেকে শুরু হওয়া এক সম্পর্ককে ঘিরে। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আবিরের (তৌসিফ) সঙ্গে পরিচয় হয় তুলি (তটিনী) নামের এক সহপাঠীর। সময়ের সঙ্গে তাদের বন্ধুত্ব গভীর হয়। একপর্যায়ে একই বন্ধুমহলের রাতুল তুলিকে ভালোবাসার প্রস্তাব দিলে গল্পে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়। তবে রাতুলকে ফিরিয়ে দিয়ে আবিরের প্রতি নিজের ভালোবাসার কথা জানায় তুলি।

অন্যদিকে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কায় নিজের অনুভূতি প্রকাশ করতে চায় না আবির। বরং তুলির কাছ থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে। এরপর দুই পরিবারের আপত্তি এবং বাবার কঠিন শর্ত তাদের সম্পর্ককে আরও জটিল করে তোলে। শেষ পর্যন্ত পারিবারিক মর্যাদা ও অভিমানের কাছে হার মানে দুজনের ভালোবাসা। বিচ্ছেদের পর কেটে যায় দেড় বছরের বেশি সময়। দীর্ঘ অপেক্ষা ও নানা ঘটনার পর তুলির আত্মত্যাগ এবং আবিরের ফিরে আসার মধ্য দিয়ে গল্পের পরিণতি ঘটে।

নাটকটির অভাবনীয় দর্শকপ্রিয়তা নিয়ে অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, একটি কাজ কত মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং দর্শক কতটা আগ্রহ নিয়ে দেখছেন, ভিউয়ের সংখ্যা তার একটি ধারণা দেয়। তবে শুধু ভিউ দিয়ে কোনো কাজের প্রকৃত সাফল্য বিচার করা যায় না। গল্প ও চরিত্র দর্শকের মনে কতটা প্রভাব ফেলতে পারছে, সেটিই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।

এই অর্জনকে উদ্‌যাপনের পাশাপাশি সামনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা হিসেবে দেখতে চান বলেও জানান তৌসিফ। নাটকটির সঙ্গে যুক্ত পুরো টিম এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আনোয়ারুল আলম সজলের প্রযোজনায় নির্মিত নাটকটিতে তৌসিফ ও তটিনী ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শেহজাদ ওমর, শিল্পী সরকার অপুসহ আরও অনেকে।

জীবনঘনিষ্ঠ সংলাপ, সম্পর্কের টানাপড়েন এবং পারিবারিক বাস্তবতার চিত্রায়ণই নাটকটির প্রতি দর্শকদের আগ্রহ বাড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাত্র দুই দিনে কোটি ভিউয়ের অর্জনে "মন দুনিয়া" এখন ছোট পর্দার আলোচিত নাটকগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে।