রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
নীহার চমক •

মক্কার পবিত্র কাবার সামনে ছবি, বিয়ের ইঙ্গিত দিলেন অভিনেত্রী নীহা


সৌদি আরবের মক্কায় পবিত্র কাবার সামনে সঙ্গীর সঙ্গে দুটি ছবি প্রকাশ করে বিয়ের ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী নাজনীন নাহার নীহা। এত দিন ব্যক্তিগত রাখা সম্পর্কের কথা জানালেও জীবনসঙ্গীর পরিচয় প্রকাশ করেননি তিনি। তাঁর পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে আলোচনা ও শুভেচ্ছার বন্যা।

৮ নভেম্বর ২০২৬, ৫:০২ অপরাহ্ণ 

মক্কার পবিত্র কাবার সামনে ছবি, বিয়ের ইঙ্গিত দিলেন অভিনেত্রী নীহা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। প্রেমের সম্পর্কের কথা আগে থেকেই প্রকাশ্যে এলেও এবার বিয়ের ইঙ্গিত দিয়ে ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী। সৌদি আরবের মক্কায় পবিত্র কাবার সামনে সঙ্গীর সঙ্গে ছবি প্রকাশ করে জীবনের নতুন অধ্যায়ের খবর জানিয়েছেন তিনি।

গত জুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তনের মাধ্যমে সম্পর্কে জড়ানোর কথা জানিয়েছিলেন নীহা। তবে সেই সম্পর্ক বাগদান নাকি বিয়েতে গড়িয়েছে, সে বিষয়ে এত দিন বিস্তারিত কিছু জানাননি তিনি।

রোববার (৮ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী। একটি ছবিতে দেখা যায়, পবিত্র কাবার সামনে এক ব্যক্তি তাঁকে জড়িয়ে ধরে আছেন। অন্য ছবিতে দুজনকে হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে উভয় ছবিতেই সঙ্গীর মুখ আড়ালে থাকায় তাঁর পরিচয় জানা যায়নি।

ছবির সঙ্গে দেওয়া বার্তায় নীহা তাঁদের সম্পর্কের বিষয়টি আরও স্পষ্ট করেন। তিনি লেখেন, এত দিন যে অধ্যায়টি ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন, এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চান। পাশাপাশি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, তাঁর রহমতে তাঁরা একটি সুন্দর বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য পেয়েছেন।

পোস্টের শেষাংশে নিজেদের সম্পর্কের জন্য সবার কাছে দোয়া চেয়ে নীহা লেখেন, তাঁদের এই বন্ধন যেন সব সময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকে।

অভিনেত্রীর এমন পোস্টের পর থেকেই অনুসারী ও ভক্তদের মধ্যে শুভেচ্ছার বন্যা বইছে। অনেকেই তাঁর জীবনের নতুন অধ্যায়ের জন্য অভিনন্দন জানাচ্ছেন। যদিও বিয়ের বিষয়ে বিস্তারিত জানতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে, তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে আগে থেকেই এক পাকিস্তানি যুবকের সঙ্গে নীহার প্রেমের গুঞ্জন ছিল। তবে সেই ব্যক্তিই তাঁর জীবনসঙ্গী কি না, তা নিয়ে এখনো মুখ খোলেননি অভিনেত্রী। বিয়ের ইঙ্গিত দিলেও সঙ্গীর পরিচয় গোপন রেখেছেন তিনি। ফলে নীহার ব্যক্তিগত জীবনের নতুন এই অধ্যায় নিয়ে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।