রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
নতুন প্রত্যাশা •

মিস ইউনিভার্সের মঞ্চে নজর কাড়ছেন মাহি, হলুদ গাউনে মুগ্ধতা ছড়ালেন


পুয়ের্তো রিকোয়ায় অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। হলুদ গাউনে সমুদ্রপাড়ের ফটোশুটে নজর কেড়েছেন তিনি। প্রতিযোগিতায় এগিয়ে যেতে দেশবাসীর কাছে ভোট ও সমর্থন চেয়েছেন মাহি। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের গ্র্যান্ড ফিনালে।

১৪ নভেম্বর ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ 

মিস ইউনিভার্সের মঞ্চে নজর কাড়ছেন মাহি, হলুদ গাউনে মুগ্ধতা ছড়ালেন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বিশ্বের অন্যতম আলোচিত সুন্দরী প্রতিযোগিতা "মিস ইউনিভার্স" এর ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের পুয়ের্তো রিকোতে চলছে এবারের আয়োজন। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে নিজের সৌন্দর্য, ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসী উপস্থিতি দিয়ে নজর কাড়ছেন বাংলাদেশের এই প্রতিনিধি।

মূল প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ছবি প্রকাশ করছেন মাহি। সম্প্রতি সমুদ্রসৈকতের মনোরম পরিবেশে ফটোশুটের কিছু ছবি প্রকাশ করে ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

ছবিগুলোতে মাহিকে দেখা গেছে চোখধাঁধানো হলুদ রঙের ফ্লোর-লেংথ গাউনে। ফুলহাতা পোশাকটির কোমরের অংশে রয়েছে পাথরের সূক্ষ্ম কারুকাজ। আর কাঁধে শোভা পাচ্ছে "বাংলাদেশ" লেখা সাদা স্যাশ। পুরো সাজে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের গর্ব ও আত্মবিশ্বাস ফুটে উঠেছে।

শুধু একক ফটোশুটই নয়, কয়েকটি দেশের প্রতিনিধিদের সঙ্গেও ক্যামেরাবন্দি হয়েছেন মাহি। ছবিতে তাঁর সঙ্গে দেখা গেছে মিসরের সোনিয়া জারজিস, হংকংয়ের জেন ঝৌ, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েতজ এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটোনকে।

নিজের অভিজ্ঞতা জানাতে ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, মিস ইউনিভার্সের এই বিশেষ ফটোশুটের প্রতিটি মুহূর্ত, ফ্রেম ও অভিজ্ঞতা তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে। এমন একটি সুন্দর আয়োজনের অংশ হতে পেরে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

এদিকে প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে শুরু হয়েছে আনুষ্ঠানিক ফ্যান ভোটিং। বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিকে এগিয়ে নিতে দেশবাসীর কাছে ভোট ও সমর্থন চেয়েছেন মাহি। তাঁর এই আহ্বানে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমর্থন জানাচ্ছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর রাজধানীর এক জমকালো অনুষ্ঠানে সামিরা খান মাহিকে "মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬" এর মুকুট পরিয়ে দেন ২০২৫ সালের বিজয়ী তানজিয়া জামান মিথিলা। এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোতে বসবে "মিস ইউনিভার্স" এর ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে। এখন দেখার বিষয়, মাহির হাত ধরে বিশ্বসুন্দরীর এই মঞ্চে বাংলাদেশ কতটা এগিয়ে যেতে পারে। দেশের মানুষের প্রত্যাশা, তাঁর আত্মবিশ্বাসী পথচলা আন্তর্জাতিক অঙ্গনে নতুন সাফল্যের গল্প তৈরি করবে।