নিরাপত্তা জোরদার • ডিএমপির অপরাধবিরোধী অভিযানে বড় সাফল্য, গ্রেফতার ৪৯৭
২৬ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ
জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির ব্যক্তিগত জীবনে আবারও বিচ্ছেদের খবর সামনে এসেছে। তৃতীয়বারের মতো সংসার ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন এই গায়িকা। স্বামী গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে আর এক ছাদের নিচে না থাকার সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) রাত নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আলাদা হয়ে যাওয়ার বিষয়টি প্রকাশ করেন ন্যান্সি।
পোস্টে তিনি জানান, দীর্ঘদিনের একসঙ্গে পথচলা, অসংখ্য স্মৃতি ও অভিজ্ঞতার পর দুজনেই আলাদা জীবন বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একসময় যে সম্পর্ককে ঘিরে তাদের অনেক স্বপ্ন ছিল, সেই অধ্যায়ের এবার সমাপ্তি ঘটছে।
এ সময় শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে ন্যান্সি ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানান। যারা তাদের সম্পর্ক নিয়ে খোঁজখবর রেখেছেন এবং ভালোবাসা দিয়ে পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি এই সিদ্ধান্তকে সম্মান করার আহ্বান জানান।
জীবনের নতুন অধ্যায় নিয়ে নিজের আশাবাদের কথাও তুলে ধরেছেন এই সংগীতশিল্পী। শক্তি, আত্মমর্যাদা ও মানসিক শান্তিকে সঙ্গী করে সামনের দিনগুলো পার করতে চান বলে জানিয়েছেন তিনি। তবে ঠিক কী কারণে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।
ন্যান্সির ব্যক্তিগত জীবনে এর আগেও দুটি বিয়ে বিচ্ছেদে শেষ হয়েছে। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়। এ সংসারে রোদেলা নামে একটি কন্যাসন্তান রয়েছে।
এরপর ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। দীর্ঘ আট বছরের দাম্পত্য জীবনের পর ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এই সংসারে নায়লা নামে আরেকটি কন্যাসন্তান রয়েছে।
দ্বিতীয় সংসারের ইতি টানার কয়েক মাস পর, ২০২১ সালের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। এবার সেই সম্পর্ক থেকেও বেরিয়ে আসার সিদ্ধান্তের কথা জানালেন তিনি। এর মধ্য দিয়ে জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর তৃতীয় সংসারেও বিচ্ছেদের অধ্যায় শুরু হলো।