কাফরুলে গুলি: অপপ্রচারের অভিযোগ, আব্বাস আলীর সুনাম ক্ষুণ্নের চেষ্টা
২৭ জুলাই ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় দমকা থেকে ঝোড়ো হাওয়া এবং উত্তাল সাগরের পরিস্থিতি তৈরি হতে পারে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টারের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর নিম্নচাপটি বর্তমানে ২১ দশমিক ২০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮ দশমিক ১০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। সোমবার সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪২৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৩০ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২২০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৬০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার সন্ধ্যার মধ্যে পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে নিম্নচাপের কেন্দ্রের আশপাশের সাগর এলাকায় বিরাজ করছে উত্তাল পরিস্থিতি। পরিস্থিতির অবনতি হলে পরবর্তী সময়ে নতুন সতর্কবার্তা জারি করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ অবস্থায় উপকূলীয় এলাকার বাসিন্দা, জেলে ও নৌযান চলাচলের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।