শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

আগামী বছর হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর


আগামী বছর হজযাত্রীদের খরচ আরও কমাতে কাজ করছে সরকার-এমন আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বছরের প্রথম হজ ফ্লাইট উদ্বোধনকালে তিনি বলেন, এবার সীমিত সময়ের মধ্যেও খরচ কিছুটা কমানো সম্ভব হয়েছে।

১৮ এপ্রিল ২০২৬, ৭:২১ পূর্বাহ্ণ 

আগামী বছর হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকার হজ ব্যবস্থাপনা আরও উন্নত করতে কাজ করছে, যাতে হজযাত্রীদের খরচ ও ভোগান্তি কমে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ এ বছরের প্রথম হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, “আশা করি, আগামী বছর যারা হজে যাবেন তাদের জন্য আরও কিছুটা খরচ কমাতে পারব। আমরা চেষ্টা করছি আরও ভালো ব্যবস্থাপনা করার, যাতে হজযাত্রীদের কষ্ট কম হয়।”

তিনি আরও জানান, বর্তমান সরকার ১৮ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেছে, অথচ এ বছরের হজের প্রস্তুতি প্রায় ফেব্রুয়ারির শুরুতেই সম্পন্ন হয়ে গিয়েছিল। ফলে বড় ধরনের পরিবর্তন আনার সুযোগ সীমিত ছিল। তারপরও সরকার প্রায় ১২ হাজার টাকা পর্যন্ত হজের খরচ কমাতে সক্ষম হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

হজযাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আপনারা আল্লাহর ঘরে যাচ্ছেন। দেশের জন্য দোয়া করবেন, যাতে মানুষ শান্তিতে থাকতে পারে। আমিও দোয়া করি আপনারা সুস্থভাবে দেশে ফিরে আসবেন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ, ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, বেসামরিক বিমান চলাচল সচিব ফাহমিদা আখতার এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক। পরে রাত ১২টা ২০ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর প্রথম ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরব-এর উদ্দেশে যাত্রা করে।