বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

হাম আতঙ্কে দেশ: ২২ দিনে ১১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৬১০


দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২২ দিনে হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৬১০ শিশু এবং মৃত্যু হয়েছে ১১৩ জনের। সর্বশেষ ২৪ ঘণ্টায়ও ১০ জনের মৃত্যু ও ৯৭৪ জন আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

৫ এপ্রিল ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ 

হাম আতঙ্কে দেশ: ২২ দিনে ১১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৬১০
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সারাদেশে হামের প্রকোপ ক্রমেই বাড়ছে। গত ২২ দিনে হাম সন্দেহে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭ হাজার ৬১০ শিশু এবং এ সময়ে মৃত্যু হয়েছে ১১৩ জনের। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৯২৯ জন এবং নিশ্চিতভাবে মৃত্যু হয়েছে ১৭ জনের।

রোববার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে এসব শিশু ভর্তি হয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মোট ৩ হাজার ২৫৯ জন শিশু হাম সন্দেহে আক্রান্ত হয়েছে, যার মধ্যে ৪৬৮ জনের শরীরে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে।

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে ৬৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৪২ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই সর্বোচ্চ ৩৮ জন রোগী শনাক্ত হয়েছে।

মৃত্যুর দিক থেকেও পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে, যেখানে ৫৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা বিভাগে মারা গেছে ১০ জন। তবে এ সময়ে ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের বিস্তার রোধে আজ থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। দেশের নির্ধারিত ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এই কর্মসূচি চালানো হবে। সংশ্লিষ্টদের দ্রুত শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা গ্রহণ এবং সচেতনতা বাড়ানোই হামের বিস্তার রোধের সবচেয়ে কার্যকর উপায়।