রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

হামে আরও ২ শিশুর মৃত্যু, এক মাসে মৃত ১৬৯


দেশে হামের প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৯ জনে, আর আক্রান্ত হয়েছে প্রায় ১৯ হাজার শিশু।

১১ এপ্রিল ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ 

হামে আরও ২ শিশুর মৃত্যু, এক মাসে মৃত ১৬৯
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১৬৯ শিশুর মৃত্যু হয়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২৪ শিশুর এবং সন্দেহজনকভাবে মারা গেছে আরও ১৪৫ শিশু। এছাড়া একই সময়ে সারাদেশে মোট ১৮ হাজার ৮৭৪ শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত আক্রান্ত ২ হাজার ৪৮৯ জন এবং সন্দেহজনক আক্রান্ত ১৪ হাজার ৩৮৫ জন। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে ঢাকা বিভাগ-এ। এ বিভাগে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে ৭ হাজার ৪৭৮ শিশু আক্রান্ত হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ, যেখানে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৪৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের সংক্রমণ প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা, আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে শিশুদের সুরক্ষায় অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।