বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম বন্দরে এলএনজি-এলপিজিবাহী ৮ জাহাজ, জ্বালানি সংকটে স্বস্তি


মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কার মধ্যে স্বস্তির খবর দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। রোববার সকালে এলএনজি ও এলপিজি বোঝাই আটটি জাহাজ কুতুবদিয়া ও মহেশখালী জলসীমায় পৌঁছেছে।

৮ মার্চ ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ 

চট্টগ্রাম বন্দরে এলএনজি-এলপিজিবাহী ৮ জাহাজ, জ্বালানি সংকটে স্বস্তি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি সরবরাহে সম্ভাব্য সংকটের আশঙ্কা দেখা দিলেও দেশের জন্য স্বস্তির খবর দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বোঝাই আটটি জাহাজ রোববার (৮ মার্চ) সকালে কুতুবদিয়া ও মহেশখালী জলসীমায় পৌঁছেছে।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি বন্ধ হওয়ার আগেই এসব জাহাজ ঝুঁকিপূর্ণ জলপথ অতিক্রম করতে সক্ষম হয়। ফলে নির্ধারিত সময়েই এগুলো বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে।

বন্দর সূত্র জানায়, আগত জাহাজগুলোর মধ্যে কাতার থেকে পাঁচটি বড় এলএনজিবাহী কার্গো রয়েছে। এর মধ্যে ফ্রান্সের পতাকাবাহী ‘আল জুর’ ৬৩ হাজার ৩৮৩ ইউনিট, গ্রিসের ‘আল জাসাসিয়া’ ৬৩ হাজার ৭৫ ইউনিট এবং বাহামার পতাকাবাহী ‘লুসাইল’ ৬২ হাজার ৯৮৭ ইউনিট এলএনজি নিয়ে এসেছে। এ ছাড়া লাইবেরিয়ার পতাকাবাহী ‘আল গালায়েল’ ও ‘লেব্রেথাহ’ যথাক্রমে ৫৭ হাজার ৬৬৫ এবং ৬২ হাজার ইউনিট এলএনজি বহন করে বাংলাদেশের জলসীমায় অবস্থান করছে। এসব জাহাজের স্থানীয় এজেন্সির দায়িত্বে রয়েছে ইউনিগ্লোবাল।

এ ছাড়া এলপিজি আমদানির ক্ষেত্রে ওমানের সোহার বন্দর থেকে পানামার পতাকাবাহী দুটি জাহাজ এসেছে। ‘এলপিজি সেভান’ ২২ হাজার ১৭২ ইউনিট এবং ‘জি ওয়াইএমএম’ ১৯ হাজার ৩১৬ ইউনিট এলপিজি বহন করে এনেছে। জাহাজ দুটি পরিচালনার দায়িত্বে রয়েছে ইউনিক মেরিটাইম।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে ৫ হাজার ১৯ ইউনিট এমইজি নিয়ে লাইবেরিয়ার পতাকাবাহী ‘বে ইয়াসু’ নামের আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে।

বন্দর সংশ্লিষ্টরা জানান, ২৮ ফেব্রুয়ারির আগে রওনা দেওয়া জাহাজগুলো দেশে পৌঁছালেও এরপর মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে অনেক জ্বালানিবাহী জাহাজ আটকা পড়েছে। এ পরিস্থিতিতে দেশে জ্বালানি মজুত ঠিক রাখতে এবং প্যানিক বায়িং ঠেকাতে শুক্রবার থেকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি বিক্রিতে নির্দিষ্ট সীমা বা রেশনিং ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।