বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

ভিসা থাকলেই যুক্তরাষ্ট্রে প্রবেশ নিশ্চিত নয়: সতর্কবার্তা মার্কিন দূতাবাসের


যুক্তরাষ্ট্রের বৈধ ভিসা থাকলেও দেশটিতে প্রবেশের নিশ্চয়তা পাওয়া যায় না বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট প্রবেশপথের ইমিগ্রেশন কর্মকর্তা- এমন সতর্কবার্তা দিয়ে ভিসাধারীদের নিয়ম মেনে ভ্রমণের আহ্বান জানানো হয়েছে।

২৮ মার্চ ২০২৬, ৬:০০ অপরাহ্ণ 

ভিসা থাকলেই যুক্তরাষ্ট্রে প্রবেশ নিশ্চিত নয়: সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই দেশটিতে প্রবেশ নিশ্চিত নয় বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

শনিবার (২৮ মার্চ) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তামূলক পোস্টে এই তথ্য জানিয়েছে দূতাবাস।

ওই পোস্টে বলা হয়েছে, একটি ইউএস ভিসা থাকা মানেই যুক্তরাষ্ট্র ভ্রমণের শতভাগ নিশ্চয়তা নয়। কোনো ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন কি না এবং কতদিন সেখানে অবস্থান করতে পারবেন- সেই সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট প্রবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।

অর্থাৎ, ভিসা থাকা সত্ত্বেও ইমিগ্রেশন কর্মকর্তা প্রয়োজন মনে করলে কাউকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দিতে পারেন।

ভিসাধারীদের সতর্ক করে দূতাবাস আরও জানায়, অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করা কিংবা ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয় এমন কাজে জড়িত হওয়া গুরুতর অপরাধ। উদাহরণ হিসেবে বলা হয়, টুরিস্ট ভিসা নিয়ে গিয়ে সেখানে চাকরি করা নিয়মবহির্ভূত। এ ধরনের নিয়ম লঙ্ঘনের ফলে ভবিষ্যতে ওই ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

মার্কিন দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, ভিসা সঠিকভাবে ব্যবহার করা সম্পূর্ণভাবে ভ্রমণকারীর নিজস্ব দায়িত্ব। নিয়ম মেনে অবস্থান করা এবং নির্ধারিত সময়ের মধ্যে নিজ দেশে ফিরে আসার বিষয়টি ভবিষ্যতে ভিসা পাওয়া বা যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগ পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সম্প্রতি ভিসা জালিয়াতি এবং অনুমোদিত সময়ের বেশি অবস্থানের বিষয়ে কড়াকড়ি আরোপের অংশ হিসেবেই দূতাবাস নিয়মিত বিরতিতে এমন সচেতনতামূলক বার্তা দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।