রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

হরমুজ প্রণালিতে ফের অবরোধ জারি ইরানের


বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আবার নিয়ন্ত্রণ জোরদার করে কার্যত অবরোধ জারি করেছে ইরান। শনিবার দেশটির সামরিক কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

১৮ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ 

হরমুজ প্রণালিতে ফের  অবরোধ জারি ইরানের
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আবারও নিয়ন্ত্রণ জোরদার করেছে ইরান। শনিবার ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানায়, প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ পুনরায় সামরিক বাহিনীর হাতে নেওয়া হয়েছে।

ইরানের ফার্স নিউজ এজেন্সি, ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি (ইসনা) এবং রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা আগের অবস্থায় ফিরে গেছে এবং পুরো নৌপথ এখন সামরিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। যদিও এর আগে কিছু বাণিজ্যিক জাহাজকে প্রণালি অতিক্রম করতে দেখা গিয়েছিল, বর্তমানে সামুদ্রিক চলাচলের প্রকৃত অবস্থা স্পষ্ট নয়।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) তাদের বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘দস্যুতা’র অভিযোগ এনেছে। তারা দাবি করেছে, যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যত সামুদ্রিক ডাকাতির শামিল। একই সঙ্গে ইরান পুনরায় সতর্ক করে বলেছে, তাদের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়া হতে পারে।

উল্লেখ্য, শুক্রবার ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরান ঘোষণা দিয়েছিল, এই সময়ের জন্য হরমুজ প্রণালি বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছিলেন, নিরাপত্তার স্বার্থে জাহাজগুলোকে নির্ধারিত রুট অনুসরণ করতে হবে। এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, দেশটির আকাশসীমা আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে কিছু বিমানবন্দর চালু করা হয়েছে এবং ধীরে ধীরে স্বাভাবিক ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হবে।

সংস্থাটি আরও জানায়, ইরানের পূর্বাঞ্চলের আকাশপথ আন্তর্জাতিক ফ্লাইটের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরানের আকাশসীমা বন্ধ ছিল।