শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ উদ্ধার, সঙ্গী নাহিদা এখনো নিখোঁজ


যুক্তরাষ্ট্রে ১০ দিন ধরে নিখোঁজ থাকা দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজন জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার রুমমেটকে গ্রেপ্তার করা হয়েছে। অপর নিখোঁজ শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির সন্ধানে এখনো অভিযান চলছে।

২৫ এপ্রিল ২০২৬, ৯:২৫ পূর্বাহ্ণ 

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ উদ্ধার, সঙ্গী নাহিদা এখনো নিখোঁজ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ থাকা দুই বাংলাদেশি শিক্ষার্থীর ঘটনায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে। নিখোঁজ হওয়ার ১০ দিন পর জামিল আহমেদ লিমন (২৭) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। তবে একই দিনে নিখোঁজ হওয়া অপর শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির এখনো কোনো খোঁজ মেলেনি।

জামিল আহমেদ লিমন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এ ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। তার নিখোঁজ হওয়া নিয়ে সহপাঠী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হিশাম আবুঘরবেহ (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি লিমনের রুমমেট ছিলেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে হিলসবরো কাউন্টি শেরিফের (পুলিশ) কার্যালয়।

পুলিশ জানায়, এই ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং নিখোঁজ নাহিদা এস বৃষ্টির সন্ধানে জোর তৎপরতা চালানো হচ্ছে। এখনো তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে এই মর্মান্তিক ঘটনায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোক ও উদ্বেগ বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত নাহিদার সন্ধান এবং ঘটনার পূর্ণ রহস্য উদঘাটনের আশ্বাস দিয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া