শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার


ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় বাংলাদেশের পক্ষ থেকে অংশ নিতে তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে তিনি ইরানের রাজধানী তেহরানের উদ্দেশে রওনা হন।

২ জুলাই ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ণ 

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

গত ফেব্রুয়ারিতে বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নিতে ইরান গেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই শোকযাত্রায় অংশ নিচ্ছেন তিনি। স্পিকারের দপ্তর সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে আগামী ৪ জুলাই তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

ইরানি গণমাধ্যম মেহর নিউজ জানিয়েছে, দীর্ঘ বিলম্বের পর আগামী ৪ জুলাই থেকে তেহরান ও কোমে খামেনির জানাজা এবং শ্রদ্ধাজ্ঞাপনের মূল আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত তাঁর জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজারে আগামী ৯ জুলাই তাঁর দাফন সম্পন্ন হবে। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে এর আগে খামেনির জানাজার সময়সূচি স্থগিত করা হয়েছিল। আগামীকালের (শুক্রবার) বিশেষ আয়োজনে বিশ্বের প্রায় ৩০টি দেশের রাষ্ট্রপ্রধান ও উচ্চপদস্থ প্রতিনিধিরা অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালে ইরানে ঐতিহাসিক ইসলামী বিপ্লবের পর দেশটির নতুন রাষ্ট্র ও শাসনব্যবস্থা গঠনে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮০ সালে তিনি স্বল্প সময়ের জন্য প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পান। পরবর্তীতে ইরান-ইরাক যুদ্ধ শুরু হলে তিনি ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) তত্ত্বাবধায়ক এবং ইরানের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। ১৯৮৯ সালে ইরানের প্রথম সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর দেশটির বিশেষজ্ঞ পরিষদ খামেনিকে ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করে। মৃত্যুর আগ পর্যন্ত দীর্ঘ ৩৬ বছর তিনি এই পদে আসীন ছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাজধানী তেহরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর আকস্মিক এক যৌথ বিমান হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। সেই হামলায় তাঁর বেশ কয়েকজন পারিবারিক সদস্য ও সহযোগীও প্রাণ হারান। দীর্ঘ প্রায় চার মাস পর অবশেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হতে যাচ্ছে।

সূত্র: বিএসএস, মেহর নিউজ ও এএফপি