জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ আগস্ট ২০২৬, ৪:০৬ অপরাহ্ণ
বাংলাদেশের মানুষ কখনও আওয়ামী লীগের রাজনীতি গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়। তারা চেষ্টা করছে, বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা। বাংলাদেশের মানুষ কখনোই তাদের এসব রাজনীতি গ্রহণ করবে না।’
শুক্রবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে ৫০০ শয্যার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) ‘আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১’-এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বলেন, সমুদ্রসম্পদ ও সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে সক্ষম হবে। ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। কক্সবাজারের অপরিসীম পর্যটন সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা গেলে তা দেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদী সরকারের সময় বিভিন্ন এলাকাকে ইচ্ছেমতো পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করা হয়েছিল। পর্যটন শিল্পের বিকাশে প্রয়োজনীয় জরিপ পরিচালনার মাধ্যমে এসব এলাকা পুনর্বিবেচনার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রকৃতিকে সংরক্ষণ করেই পর্যটনের উন্নয়ন নিশ্চিত করতে হবে। শুধু বহুতল ভবন নির্মাণ করলেই পর্যটনের উন্নয়ন হয় না। কক্সবাজার সমুদ্রসৈকতের পুরো এলাকাজুড়ে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম পরিচালনার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করতে হবে। বিশ্বের পর্যটকদের কাছে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য আরও ব্যাপকভাবে তুলে ধরতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কক্সবাজারকে কেন্দ্র করে উচ্চশিক্ষা ও সামুদ্রিক গবেষণার সুযোগ সম্প্রসারণে সরকার একটি মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে সামুদ্রিক শিক্ষা, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ গঠনে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্নাসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।