বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে মোতায়েন থাকবে ১০ হাজার বিজিবি সদস্য


শারদীয় দুর্গাপূজা ঘিরে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সারা দেশে প্রায় ১০ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হবে। সীমান্তবর্তী এলাকাসহ দেশের ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপে নিরাপত্তা সহায়তা দেবে বাহিনীটি। উৎসব নির্বিঘ্ন রাখতে টহল জোরদার, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

১৩ অক্টোবর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ 

দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে মোতায়েন থাকবে ১০ হাজার বিজিবি সদস্য
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে নিরাপত্তা জোরদার করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে বিজিবি। উৎসবের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপগুলোতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।

তিনি জানান, পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি আগেই শনাক্ত করা, গুজব ও সাম্প্রদায়িক উসকানির বিষয়ে সতর্ক থাকা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

বিজিবির এই কর্মকর্তা বলেন, সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের আশপাশের এলাকাসহ মোট ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপে নিরাপত্তা সহায়তা দেওয়া হবে। পাশাপাশি প্রত্যন্ত ও দুর্গম এলাকায় দ্রুত নিরাপত্তা সহায়তা পৌঁছে দিতে প্রয়োজন অনুযায়ী অস্থায়ী ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজধানী ঢাকায় বিজিবি সদস্যদের মোতায়েন ও দায়িত্বের পরিধি সরকারের নির্দেশনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী নির্ধারণ করা হবে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান। প্রয়োজন অনুসারে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টহল, গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা সহায়তা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় কাজ করবে বিজিবি।

তিনি আরও বলেন, দুর্গাপূজা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ প্রকাশ। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে আনন্দের সঙ্গে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য বিজিবি সর্বাত্মক প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে।