শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

ছয় মাসে নির্বাচনি অঙ্গীকারের অধিকাংশ বাস্তবায়ন হয়েছে: রিজভী


বিএনপি সরকারের ছয় মাসে দলটির নির্বাচনি অঙ্গীকার ও কর্মসূচির অধিকাংশই বাস্তবায়ন হয়েছে বলে দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কোনো কোনো ক্ষেত্রে ১০০ শতাংশ, আবার কোথাও ৯০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত লক্ষ্য পূরণ হয়েছে। সরকারের ছয় মাসের অর্জনের বিস্তারিত পরিসংখ্যান শিগগিরই প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

১৪ আগস্ট ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ 

ছয় মাসে নির্বাচনি অঙ্গীকারের অধিকাংশ বাস্তবায়ন হয়েছে: রিজভী
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ছয় মাসে বিএনপি সরকারের নির্বাচনি অঙ্গীকার ও কর্মসূচির অধিকাংশই বাস্তবায়ন হয়েছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ছয় মাসের জন্য সরকার যে লক্ষ্য নির্ধারণ করেছিল, মোটামুটি তার সবগুলোই পূরণ হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ১০০ শতাংশ বাস্তবায়ন হয়েছে। আবার কোথাও ৯৫ শতাংশ বা ৯০ শতাংশ পর্যন্ত লক্ষ্য পূরণ হয়েছে। তিনি বলেন, কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কাঠামো তৈরি এবং প্রশাসনিক প্রস্তুতি নিতে কিছুটা সময় লেগেছে। তবে পরবর্তী ছয় মাসে সরকারের কর্মসূচিগুলো আরও জোরালো ও দ্রুতগতিতে বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সরকারের ছয় মাসের অর্জনের বিস্তারিত পরিসংখ্যান শিগগির প্রকাশ করা হবে জানিয়ে রিজভী বলেন, এ বিষয়ে একটি লিখিত বিবরণ বা বুকলেট সাংবাদিকদের দেওয়া হবে। সেখানে পরিবার কার্ড, কৃষক কার্ড, খাল খননসহ সরকারের বিভিন্ন কর্মসূচি ও এর বাস্তবায়নের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরা হবে।

এদিকে দলের মহাসচিব রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর দলীয় পদ থেকে পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী বলেন, আইনগতভাবে শপথ নেওয়ার আগে দলীয় পদ বা সরকারের অন্য কোনো পদ থেকে পদত্যাগ করার বাধ্যবাধকতা নেই। তবে নৈতিক কারণে দলের মহাসচিব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনের শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন রিজভী। তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার থেকে খালেদা জিয়া কখনো বিচ্যুত হননি। এ কারণে রাজনৈতিক জীবনে তাকে দুঃখ, বেদনা, নিপীড়ন ও নির্যাতন সহ্য করতে হয়েছে।

এরশাদবিরোধী আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকার কথাও তুলে ধরেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ছাত্র-জনতার সেই আন্দোলনের মূর্ত প্রতীক ও মূল প্রেরণা ছিলেন বেগম খালেদা জিয়া।

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) ঢাকাসহ সারাদেশে বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে বলেও জানান রিজভী। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টায় এবং গুলশান কার্যালয়ে বাদ আসর দোয়া অনুষ্ঠিত হবে। এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংগঠনে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে রিজভী বলেন, এ বিষয়ে তার কাছে কোনো নির্দেশনা আসেনি। কোনো ডাইরেক্টিভ বা ইনস্ট্রাকশনও তিনি পাননি।

দলের হাইকমান্ডের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়ে থাকলেও তা তার জানা নেই উল্লেখ করে তিনি বলেন, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হবে। সংবাদ সম্মেলনের শেষদিকে খালেদা জিয়ার জন্মদিনের কর্মসূচিকে গুরুত্ব দিয়ে প্রচারের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান রিজভী। তিনি বলেন, খালেদা জিয়ার বিষয়টি জাতির আবেগের বিষয়। তাই বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) ও প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) তারিকুল আলম তেনজিং, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদ আউয়ালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।