অ্যাওয়ার্ড মঞ্চে শাকিব • পাঁচ বছর পর ঢালিউড অ্যাওয়ার্ডের মঞ্চে ফিরছেন শাকিব খান
৩ অক্টোবর ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ
ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন কূটনীতিক ত্রিশিতা মওলা। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বর্তমানে নয়াদিল্লি সফরে থাকায় সাময়িকভাবে দূতাবাসের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ঢাকায় মার্কিন দূতাবাসের নেতৃত্ব দেওয়া প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কূটনীতিক ত্রিশিতা মওলা। ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতামূলক কার্যক্রমে অংশ নিচ্ছেন তিনি।
সম্প্রতি বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তার একটি কর্মসূচিতেও তাকে সামনে দেখা গেছে। গত ১ অক্টোবর ঢাকায় এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সারদার মো. সাখাওয়াত হোসাইনের কাছে যুক্তরাষ্ট্রের দেওয়া পাঁচ লাখ ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষার কিট হস্তান্তর করেন ত্রিশিতা মওলা।
যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত কর্মসূচির আওতায় এসব কিট বাংলাদেশকে দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী কিটগুলো দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে সরবরাহ করা হবে। কিট হস্তান্তরের পর ত্রিশিতার নেতৃত্বে মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদল কুর্মিটোলা মাল্টিকেয়ার বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন করে। প্রতিনিধিদলটি হাসপাতালের জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড ও রোগ নির্ণয় পরীক্ষাগারের কার্যক্রম দেখে এবং ডেঙ্গু রোগীদের চিকিৎসা ও রোগ নির্ণয়ে যুক্তরাষ্ট্রের সহায়তায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম সম্পর্কে তথ্য নেয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ত্রিশিতা মওলা ২০০৮ সালে ব্যবস্থাপনা কর্মকর্তা হিসেবে মার্কিন পররাষ্ট্র দপ্তরে যোগ দেন। এর আগে বাংলাদেশে কনস্যুলার দায়িত্ব পালন করেছেন তিনি। কূটনৈতিক জীবনে সুইজারল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, ক্রোয়েশিয়া ও মন্টেনেগ্রোসহ বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেছেন ত্রিশিতা। আলবেনিয়ার রাজধানী তিরানায় মার্কিন দূতাবাসের ব্যবস্থাপনা কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন তিনি।
নিউইয়র্কে বেড়ে ওঠা ত্রিশিতা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বার্নার্ড কলেজ থেকে অর্থনীতি ও গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে মার্কিন পররাষ্ট্রসেবায় যোগ দিয়ে বিভিন্ন দেশে কূটনৈতিক দায়িত্ব পালন করেন। ঢাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্বে থাকাকালে স্বাস্থ্য, নিরাপত্তা এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে মার্কিন দূতাবাসের প্রতিনিধিত্ব করছেন ত্রিশিতা মওলা।