বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

জামায়াতে ইসলামীকে এ দেশের মানুষ কখনো ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল


ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে জেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতাকারী জামায়াতে ইসলামীকে দেশের মানুষ কখনোই ক্ষমতায় বসাবে না। ধর্মের নামে মিথ্যা রাজনীতি নয়, সত্যের ভিত্তিতে রাজনীতি করার আহ্বানও জানান তিনি।
জামায়াতে ইসলামীকে এ দেশের মানুষ কখনো ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

এ দেশের মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে কখনোই ক্ষমতায় আনবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে অবস্থিত পরিত্যক্ত বিমানবন্দর চত্বরে জেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “এই জামায়াতে ইসলামী ১৯৭১ সালে মহান স্বাধীনতার বিরোধিতা করেছিল, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল এবং আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি ঘটিয়েছিল। তাই এ দেশের মানুষ কোনোদিন তাদের ক্ষমতায় বসাবে না।একটা দল আছে, তারা ধর্মের নামে রাজনীতি করে। নামটা জানেন তো?” এ সময় উপস্থিত জনতা চিৎকার করে “জামায়াতে ইসলামী” বলে সাড়া দেন। পরে মন্ত্রী বলেন, “নামটা জোরে বলতে হবে। মিথ্যা কথা বলে, ধর্মের কথা বলে এ দেশের রাজনীতি হবে না। সত্য কথা বলে রাজনীতি করতে হবে।”

অনুষ্ঠানস্থলে পৌঁছার পর এলজিআরডিমন্ত্রী পরিত্যক্ত বিমানবন্দর এলাকা পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা এবং বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মির্জা ফখরুলসহ তিন মন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে নেতাকর্মী ও সাধারণ মানুষের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের ঐতিহ্যবাহী নৃত্য ও পুষ্পবৃষ্টির মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হয়। লালগালিচায় আয়োজিত সংবর্ধনায় তিন মন্ত্রীই স্থানীয় মানুষের ভালোবাসায় অভিভূত হন।

জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঠাকুরগাঁওয়ে নবগঠিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ইসরাফিল শাহীন, স্থানীয় সংসদ সদস্য ডাক্তার আব্দুস সালাম, জাহিদুর রহমান এবং ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ্জামান। এ সময় বিমান পরিবহণ মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, সুধীজন এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।