বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)


আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত এই দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করছেন বিশ্বের মুসলমানরা। বাংলাদেশে দিনটি উপলক্ষে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে। পবিত্র কোরআন তিলাওয়াত, দরুদ পাঠ, দান-খয়রাত ও নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

২৬ আগস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ণ 

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আজ ১২ রবিউল আউয়াল। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত এই দিনটি মুসলিম বিশ্বে অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করা হয়।

ইসলামি ঐতিহ্য অনুযায়ী, আরবের মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিষ্টাব্দে এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। তার বাবা আবদুল্লাহ ও মা আমিনা। জন্মের আগেই তিনি পিতৃহারা হন। মাত্র ছয় বছর বয়সে হারান মাকেও। পরবর্তীতে নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে তিনি মানবজাতির জন্য আল্লাহর শেষ নবী ও রাসুল হিসেবে দায়িত্ব পালন করেন।

৬৩২ খ্রিষ্টাব্দে ৬৩ বছর বয়সে একই ১২ রবিউল আউয়ালে মহানবী (সা.) ওফাত লাভ করেন। দিনটি তাই মুসলমানদের কাছে একই সঙ্গে আনন্দ, ভালোবাসা, শ্রদ্ধা ও গভীর স্মরণের।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা কোরআন তিলাওয়াত, বেশি বেশি দরুদ পাঠ, দান-খয়রাত ও নফল ইবাদতসহ বিভিন্ন আমল করছেন। অনেকে এ দিন নফল রোজাও পালন করেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীও এ উপলক্ষে বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে বলেন, হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি মহানবী (সা.)-এর শুভাগমনকে মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা হিসেবে উল্লেখ করেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তার বাণীতে বলেন, পবিত্র এই দিনে বিশ্বজগতে এক সর্বশ্রেষ্ঠ মহামানবের আবির্ভাব হয়। মহানবী (সা.)-এর শুভাগমনে সারা দুনিয়ায় রহমতের অবারিত দ্বার উন্মোচিত হয় বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। মঙ্গলবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দেশবরেণ্য আলেম-ওলামারা মহানবী (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ নিয়ে আলোচনা করবেন।

দিবসটি উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর ওপর সিরাত স্মরণিকা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ সাহানে মাসব্যাপী ইসলামি বইমেলার আয়োজন করা হয়েছে। এ ছাড়া স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, সিরাত স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ, ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনী এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলার আয়োজন রয়েছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশে আজ রাষ্ট্রীয় ছুটি। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সশস্ত্র বাহিনীর সব স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ সড়কদ্বীপ ও লাইট পোস্টে জাতীয় পতাকা ও ‘কালিমা তায়্যিবা’ অঙ্কিত ব্যানার টানানো হয়েছে।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি, সাম্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রত্যাশায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।