ব্ল্যাকমেইলিং অভিযোগ • ব্যক্তিগত ভিডিও ছড়ানোর অভিযোগ, ফেসবুক লাইভে মুখ খুললেন ফারিন
১৯ নভেম্বর ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ
জয়ের জন্য লক্ষ্য ছিল মাত্র ১২ রান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারালেও শেষ পর্যন্ত কোনো বিপদে পড়েনি দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশকে ৯ উইকেটের ব্যবধানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
পঞ্চম ও শেষ দিনের সকালে ৫ উইকেটে ১০০ রান নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। ইনিংস ব্যবধানে পরাজয় এড়াতে লড়াই চালিয়ে গেলেও শেষ পর্যন্ত ১৬৮ রানেই থামে টাইগারদের দ্বিতীয় ইনিংস। ফলে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২ রান।
দিনের শুরুতে লিটন দাস ও মুশফিকুর রহিম কিছুটা প্রতিরোধ গড়েন। ষষ্ঠ উইকেটে দুজনের ব্যাট থেকে আসে ৪৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। তবে ব্যক্তিগত ৩৯ রানে লিটনের বিদায়ের পর ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। মুশফিকও বেশিক্ষণ টিকতে পারেননি। ২২ রান করে সাজঘরে ফেরেন তিনি।
এরপর মেহেদী হাসান মিরাজ ১৫ রান করে আউট হলে শেষ হয়ে যায় বাংলাদেশের স্বীকৃত ব্যাটারদের লড়াই। বাকি ব্যাটারদের মধ্যে হাসান মাহমুদ করেন ২ রান এবং ইবাদত হোসেন কোনো রান না করেই ফিরে যান। সাইমন হারমারের একই ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর দুই উইকেট হারিয়ে ১৬৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
প্রথম ইনিংসে ৫০০ রান করা দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১২ রান। রান তাড়ায় প্রথম ওভারের শেষ বলে মার্কাস আকারম্যানকে ফিরিয়ে কিছুটা আশা জাগান মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে এইডেন মার্করামের স্টাম্প ভেঙে দেন ইবাদত হোসেন। তবে নো বল হওয়ায় বেঁচে যান দক্ষিণ আফ্রিকার এই ওপেনার।
শেষ পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা। ৯ উইকেটের এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।